প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময় বেঁধে দেওয়ার পরও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক পদত্যাগ না করায় মানববন্ধন করেছে শিক্ষক সমিতি।
গতকাল মঙ্গলবার সকালে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি খন্দকার শরীফুল ইসলাম। ২৯ মার্চ শিক্ষক সমিতি জরুরি সভা করে গত সোমবার বিকেল পাঁচটার মধ্যে তাঁকে পদত্যাগ করার সময় বেঁধে দিয়েছিল।
খন্দকার শরীফুল ইসলাম বলেন, উপাচার্য তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য প্রমাণে ব্যর্থ হয়েছেন। তাই শিক্ষক সমিতি তাঁর পদত্যাগ দাবি করছে। একই দাবিতে গত ১৯ মার্চ থেকে ক্যাম্পাসে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী, ৫৯ জন শিক্ষক প্রশাসনের পদ থেকে পদত্যাগ করেছেন।