উপাচার্যের পদত্যাগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেই শিক্ষকেরা এবার মানববন্ধন করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে এ মানববন্ধন করেন তাঁরা।
বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ নামে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের একটি অংশের অর্ধশত শিক্ষক মানববন্ধন করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন তাঁরা। তবে একই ফোরামের সদস্য সাবেক আহ্বায়ক ও ফোরামের প্রতিনিধি হয়ে নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি মো. কবির হোসেন, একই ফোরামের সদস্য এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন নারায়ণ সাহা, সাবেক প্রক্টর হিমাদ্রী শেখর রায়সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ অধ্যাপক মানববন্ধনে অংশ নেননি।
একই ফোরামের সদস্য হয়েও মানববন্ধনে অংশ না নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অধ্যাপক প্রথম আলোকে জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল থাকায় তাঁরা মানববন্ধন বা অন্য কোনো কর্মসূচিতে আর অংশ নেবেন না। ইতিমধ্যে চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে ডাকা এ শিক্ষক ফোরামের সভাও বেশ কয়েকজন অধ্যাপক বয়কট করে চলেছেন।
শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে পাঁচ সদস্যের কমিটি: এদিকে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেলে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ডিন ও বিভাগীয় প্রধানদের এক সভা হয়। সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং তা শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন নারায়ণ সাহার নেতৃত্বে সব ডিনের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ে বিরাজমান সমস্যা সমাধানের প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।