জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উপাচার্যের পদত্যাগের দাবিতে মিছিল উপাচার্যপন্থী শিক্ষকদের মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ‘শিক্ষক-শিক্ষার্থী সংহতি মঞ্চে’র ব্যানারে মৌন মিছিল, বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মশাল মিছিল করা হয়েছে। মিছিল শেষে উপাচার্যকে পদত্যাগ করার সময় বেঁধে দেওয়া হয়। এ ছাড়া আন্দোলনরত শিক্ষকেরা উপাচার্যের বাসভবনের মূল ফটকে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। উপাচার্যের চলাফেরা নির্বিঘ্ন করার লক্ষ্যে বাসভবনের অপর ফটকে অবস্থান অব্যাহত রেখেছেন উপাচার্যপন্থী শিক্ষকেরাও। এ ছাড়া তাঁরা গতকাল উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতিকে মারধর, উপাচার্য ভবন ও প্রশাসনিক ভবন ঘেরাওয়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ‘শিক্ষক-শিক্ষার্থী সংহতি মঞ্চে’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে মৌন মিছিল বের করেন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। পরে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আকতার হোসাইন, শিক্ষক গোলাম রব্বানী, আনোয়ারুল্লাহ ভূঁইয়া, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাকিলা শারমিন, জাহিদুল ইসলাম, আরাফাত রহমান প্রমুখ। অধ্যাপক নাসিম আকতার হোসাইন বলেন, ‘উপাচার্যকে শুধু পদত্যাগই করতে হবে তাই নয়, তাঁকে তাঁর যাবতীয় দুর্নীতি ও অপকর্মের জন্য বিচারেরও সম্মুখীন হতে হবে।’অধ্যাপক নাসিম বলেন, পদত্যাগ কিন্তু সম্মানের হলেও বিতাড়ন ভয়ংকর। তিনি বিতাড়নের আগেই উপাচার্যকে পদত্যাগ করার আহ্বান জানান। এরপর একই স্থানে শিক্ষার্থীরা প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এরপর সন্ধ্যা সাতটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে মশাল মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিল শেষে সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা উপাচার্যকে আজ মঙ্গলবার সকাল দশটার মধ্যে পদত্যাগ করার সময় বেঁধে দেন। যদি উপাচার্য পদত্যাগ না করেন তা হলে আমরণ অনশন করার ঘোষণা দেন। একই সময় পরিবহন চত্বর থেকে দলীয় স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন উপাচার্যপন্থী ছাত্রলীগ হিসেবে পরিচিত ছাত্রলীগের কর্মীরা। এর আগে হরতালের প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাসভবনের ফটকে অবস্থানরত উপাচার্যপন্থী শিক্ষকদের সঙ্গে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতিকে মারধর, উপাচার্যের বাসভবন ও প্রশাসনিক ভবন অবরোধের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন তাঁরা। এদিকে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আবদুল বায়েস তাঁর পদ থেকে পদত্যাগ করার পর গতকাল বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির তিনজন সদস্য স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে সংগঠনটিতে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করা হয়। ওই সদস্যরা বিবৃতিতে উল্লেখ করেন, সংগঠনটি পরিচালনায় গণতান্ত্রিক রীতিনীতি যথাযথভাবে মানা হচ্ছে না। সবচেয়ে বেশি ক্ষতি করছে সংগঠনটিতে বিভিন্ন দল ও আদর্শচ্যুত কিছু পরিচিত মুখের অনুপ্রবেশ এবং অনধিকার চর্চা। বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা, অধ্যাপক সাজেদ আশরাফ করীম ও অধ্যাপক মুহম্মদ হানিফ আলী। শিক্ষার্থী আফজাল হোসেন অভিযোগ করেন, ‘ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। হলে থাকতে হলে বাধ্য হয়ে ছাত্রলীগের মিছিলে যেতে হয়। না গেলে মারধর। আতঙ্কে আছি। তাই বাড়ি যাচ্ছি।’ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আন্দোলরত শিক্ষক-শিক্ষার্থী এবং আন্দোলনের বাইরে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের সহনশীল আচরণ করতে হবে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন।