জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে ‘শিক্ষক সমাজ’-এর ব্যানারে শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন তাঁরা। গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন ‘শিক্ষক সমাজ’-এর ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। পরে তাঁরা ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়ের সামনের করিডরে বসে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় উপাচার্য তাঁর কার্যালয়ে ছিলেন না। বেলা একটা পর্যন্ত বিভিন্ন বিভাগের ৬৫ জন শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন। অবরোধ কর্মসূচিতে আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন ও সম্পাদক শরীফ উদ্দিন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক শামসুল আলম, শিক্ষক রায়হান রাইন, হিমেল বরকত, আনিছা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘সবার স্বার্থে শিক্ষক সমাজের আট দফা দাবি উপেক্ষা করে উপাচার্য যখন বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছেন, দলীয় ও ব্যক্তিগত স্বার্থে যখন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন, তখন যৌক্তিক কারণেই তাঁর পদত্যাগের দাবি জানানো হয়। কিন্তু তিনি পদত্যাগ না করায় আমাদের বাধ্য হয়ে আন্দোলন করতে হচ্ছে।’