জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে অনশন করেছেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ’তে এই কর্মসূচি পালিত হয়।বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত অনশনে অংশ নেন বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষক। কর্মসূচি চলাকালে শিক্ষকেরা বিভিন্ন ধরনের প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন। প্রশাসনের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বিষয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদনও পড়েন শিক্ষকেরা। কর্মসূচিতে আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, এম এ মতিন, শামছুল আলম, মানস চৌধুরী ও রশীদ হারুন; সহযোগী অধ্যাপক স্বাধীন সেন, আনোয়ারুল্লাহ ভূঁইয়া; সহকারী অধ্যাপক হিমেল বরকত প্রমুখ শিক্ষক উপস্থিত ছিলেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন তাঁর কার্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন।এ সময় শিক্ষকেরা গত ১০ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের সভা ও সভার সিদ্ধান্ত বাতিলের অনুরোধ জানান। সিদ্ধান্ত বাতিল হলে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি হতে পারে বলে কোষাধ্যক্ষকে জানান শিক্ষকেরা। একই দাবিতে কর্মসূচির চতুর্থ দিনে আজ বুধবার ক্যাম্পাসে পদযাত্রা ও সমাবেশ করবেন তাঁরা।এদিকে শিক্ষক সমাজের এই কর্মসূচির প্রতিবাদে আজ ক্যাম্পাসে মানববন্ধন করবেন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর ব্যানারে শিক্ষকদের অপর অংশ। এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক অসিত বরণ পাল অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার ঘটনাকে পুঁজি করে উপাচার্যের পদত্যাগের দাবিতে কয়েকজন শিক্ষক অযৌক্তিক আন্দোলন করছেন। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে ক্লাস পরীক্ষার বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে।’ অভিযোগের জবাবে অধ্যাপক নাসিম আখতার হোসাইন প্রথম আলোকে বলেন, ‘নানা অনিয়ম, দুর্নীতির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হওয়ায় যৌক্তিক কারণেই বাধ্য হয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হচ্ছে।’