উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের অসহযোগ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমিতি। তবে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ক্লাস বর্জন কর্মসূচি স্থগিত করেছে সমিতি। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার। শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয়েছে, বর্তমান উপাচার্যের অধীনে আর কোনো প্রশাসনিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।’ গ্রীষ্মকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার দ্বিতীয় দিনেও গতকাল অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। তবে চারুকলা, প্রত্নতত্ত্ব, বাংলা, ইংরেজি, দর্শন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, আইবিএ, গণিত ও বিজনেস স্টাডিজ অনুষদের কিছু বিভাগে দুয়েকটি ক্লাস হয়েছে।