জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ধর্মঘট কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, উপাচার্য প্যানেল নির্বাচন, অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধসহ আট দফা দাবি পূরণ না হওয়ায় তাঁরা গতকাল বুধবার এ কর্মসূচি পালন করেন। আন্দোলরত শিক্ষকেরা জানান, গতকাল উপাচার্যের পদত্যাগের দাবিতে ১০ দিনের কর্মসূচির চতুর্থ দিনে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষকেরা ক্লাস ও পরীক্ষাসহ সকল প্রকার একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। ধর্মঘট চলাকালে তাঁরা বিভিন্ন অনুষদ ও বিভাগে গণসংযোগ করেন।শিক্ষকেরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা উত্তোলন এবং আগামী শনি ও রোববার উপাচার্যের কার্যালয় অবরোধ, মঙ্গল ও বুধবার সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে ৩১ মার্চ সাধারণ সভার মধ্য দিয়ে পুনরায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে, গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষক সমাজের’ ব্যানারে ডাকা সাধারণ ধর্মঘটে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়েনি। বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনির্বাচিত ও অগণতান্ত্রিক উপাচার্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছেন। কাজেই উপাচার্যের অপসারণের দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকবে।