জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে উপাচার্যের কার্যালয় অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, উপাচার্য প্যানেল নির্বাচন, অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধসহ আট দফা দাবি পূরণ না হওয়ায় উপাচার্যের পদত্যাগের দাবিতে ১০ দিনের নতুন কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার তাঁরা এ কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষকেরা জানান, গতকাল শনিবার উপাচার্যের পদত্যাগের দাবিতে ১০ দিনের চলমান আন্দোলন কর্মসূচির ষষ্ঠ দিনে বেলা ১১টার দিকে নতুন কলাভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষকেরা। পরে তাঁরা সম্মিলিতভাবে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন। এ সময় তাঁরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে প্রবেশের তিনটি রাস্তায় বসে পড়েন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে উপাচার্যের কার্যালয় অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। এ সময় তাঁরা কাউকেই প্রশাসনিক ভবনে প্রবেশ এবং ভবন থেকে বের হতে দেননি। কর্মসূচিতে আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, সম্পাদক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক শামছুল আলম, মানস কুমার চৌধুরী, রায়হান রাইন, মো. মাসউদ ইমরান, আনিসা পাভিন জলি প্রমুখ উপস্থিত ছিলেন। একই দাবিতে আজ রোববার পুনরায় উপাচার্যের কার্যালয় অবরোধ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষকেরা।আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের স্বার্থের দিকটি বিবেচনা না করে নিজের এবং তাঁকে নিয়োগদাতাদের স্বার্থ রক্ষার্থে কাজ করছেন। এ লক্ষ্যে উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকবে।