উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার উপাচার্যের পদত্যাগসহ আট দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বুধবার দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।সকাল ১০টায় শিক্ষার্থীরা শহরের রাজাপুরে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের দাবি নিয়ে আলোচনার জন্য উপাচার্যকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানান। দুপুর ১২টা পর্যন্ত উপাচার্য ক্যাম্পাসে না আসায় শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। দুপুর সোয়া ১২টার দিকে তাঁরা উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিতে ক্যাম্পাস ছেড়ে পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলাকালে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।শিক্ষার্থীদের দাবি, বিভিন্ন সমস্যার বিষয়ে শিক্ষক ও উপাচার্যের সঙ্গে তাঁরা বহুবার কথা বলতে গেছেন। কিন্তু কেউ তাঁদের কথা শোনেননি। উল্টো বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। এ কারণে তাঁরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। অবিলম্বে দাবি না মানা হলে তাঁরা উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখবেন।উপাচার্য মো. মোজাফফর হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনার জন্য অর্থনীতি বিভাগের প্রধান রাশেদ কবিরকে প্রধান করে পাঁচ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। তবে তাঁরা যা বলছেন, তা ঠিক নয়। অন্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারেই এই বিশ্ববিদ্যালয় চলছে।মঙ্গলবার থেকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।