উপাচার্যের পদত্যাগের দাবিতে ৫ দিনের নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া সময়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির পদত্যাগ না করায় ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ’ তৈরিসহ পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। গতকাল বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রশাসনের গত তিন বছরের অনিয়ম-দুর্নীতি ও লাগামহীন স্বার্থপ্রণোদিত শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষকসমাজ কর্মসূচি পালন করেছে। ৯ জানুয়ারি জুবায়ের হত্যার পর থেকে প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, উপাচার্য প্যানেল নির্বাচন, অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধসহ আট দফা দাবি জানানো হয়। কিন্তু প্রশাসন দাবির প্রতি সামান্যতম শ্রদ্ধা দেখায়নি।নাসিম আরও বলেন, ‘গত বুধবার উপাচার্য সহকর্মীদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে জুবায়ের আহমেদের মৃত্যুর ঘটনাকে বিধাতার অভিশাপ ও অপঘাত হিসেবে আখ্যায়িত করেছেন। উপাচার্যের এই দৃষ্টিভঙ্গি আমাদের ব্যথিত করেছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ প্রতিটি ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি বন্ধের লক্ষ্যে যৌক্তিক কারণেই উপাচার্যের পদত্যাগের দাবি জানানো হয়েছে।’ এরপর পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপাচার্য ভবনের সামনে নাগেশ্বর-চাঁপাতলায় ‘উপাচার্য প্রত্যাখান মঞ্চ’ স্থাপন ও প্রতিবাদ সমাবেশ, কাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত উপাচার্য প্রত্যাখান মঞ্চে অবস্থান ও উপচার্যের কার্যালয় অবরোধ, মঙ্গলবার দিনব্যাপী অনশন, বুধবার জীববিজ্ঞান অনুষদ ভবন থেকে উপাচার্য মঞ্চ পর্যন্ত পদযাত্রা ও সমাবেশ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত অবরোধ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ।গত ১৫ মার্চ থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে ১০ দিনের কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকেরা। এই সময়ের মধ্যে উপাচার্য পদত্যাগ না করায় গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।