জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ বিষয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন শিক্ষকেরা। শিক্ষক সমিতির চলমান কর্মবিরতির পরিপ্রেক্ষিতে শিক্ষকদের একটি অংশ গতকাল সোমবার বিকেল চারটায় এক সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছে।
এদিকে শিক্ষক সমিতির গতকালের জরুরি সাধারণ সভায় কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। তবে স্থগিত হওয়া এবং প্রক্রিয়াধীন পরীক্ষা কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে। ১৮ মে থেকে আগামী ১৭ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি থাকবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে কর্মবিরতি অব্যাহত থাকবে। কর্মবিরতিতে কোনো ক্লাস হবে না। কিন্তু স্থগিত হওয়া ও প্রক্রিয়াধীন পরীক্ষা গ্রহণ করা হবে। গ্রীষঞ্চকালীন ছুটির পর পরবর্তী সাধারণ সভায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষক সমিতির এমন সিদ্ধান্তের পর শিক্ষক মঞ্চ, নীল দল, সাধারণ শিক্ষক পর্ষদ ও আওয়ামীপন্থী শিক্ষকদের একটি অংশ বিকেল চারটায় সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করে কর্মবিরতিতে ক্লাস-পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানায়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শিক্ষক সমিতি শিক্ষক লাঞ্ছনার বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে অযৌক্তিকভাবে উপাচার্যের পদত্যাগ দাবি করা হচ্ছে। শিক্ষক লাঞ্ছনার বিচার প্রক্রিয়াধীন থাকায় বিষয়টিকে কাজে লাগিয়ে কোনোভাবেই উপাচার্যের পদত্যাগ দাবি করা যায় না। এ ছাড়া শিক্ষক সমিতির সিদ্ধান্তে সব শিক্ষকের মতামত প্রতিফলিত হচ্ছে না বলেও জানানো হয়।
দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রাইহান রাইন বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার বিচার আমরা চাই। তবে লাঞ্ছনার বিষয়টিকে নিয়ে খামখেয়ালি অব্যাহত থাকলে শিক্ষক সমিতি থেকে সদস্যপদ বাতিল করতে বাধ্য হব।’
উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আমি সব রকম চেষ্টা চালাচ্ছি। কিন্তু শিক্ষক সমিতির কর্মকাণ্ড কোনো সমাধানে পৌঁছাতে সহযোগিতা করছে না।’
সংবাদমাধ্যমে উপাচার্যের অনাকাঙ্ক্ষিত বক্তব্য, শিক্ষক লাঞ্ছনার বিচার, গত ১ ও ২ আগস্টের সন্ত্রাসী হামলার বিচার না হওয়া এবং শিক্ষকদের ক্ষতিপূরণ না দেওয়ায় উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে গত ২৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে শিক্ষক সমিতি।