উপাচার্যের বক্তব্য প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭২ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্যের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত ২৭ এপ্রিল ‘বিশেষ কর্মকর্তা পদে ছাত্রলীগের ১২ জন; জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ শীর্ষক শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপানো হয়। এই প্রতিবেদনে উপাচার্য মীজানুর রহমান বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পদে কেবল ছাত্রলীগের নেতা-কর্মীরাই চাকরি পাবেন। তিনি তাঁদের চাকরি দিতে বাধ্য। এ বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র বা চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়া হবে না।

বক্তারা বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি এ ধরনের অগণতান্ত্রিক কথা বলতে পারেন না। এই বিশ্ববিদ্যালয় শুধু ছাত্রলীগের নয়, সাধারণ শিক্ষার্থীরও। তাঁর এমন বক্তব্যের ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। বক্তারা বলেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ছাত্রলীগ পরিচয় ছাড়া চাকরি পাবেন না সাধারণ শিক্ষার্থীরা। ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্যের এই মনগড়া ও মডেল বক্তব্য প্রত্যাহার করতে হবে। ক্যাম্পাসে সর্বজনীন পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বড় কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া কয়েকটি হলের জায়গা আন্দোলন করে উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। কিন্তু গত ২৮ এপ্রিল এসব জায়গায় নতুন কোনো হল নির্মাণ করা হবে না বলে মন্তব্য করেছেন উপাচার্য। অবিলম্বে তাঁর এ বক্তব্যও প্রত্যাহার করতে হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে চারুকলা বিভাগের শিক্ষার্থী মিফতাহ আল ইহসান, মাইক্রোবায়োলজি বিভাগের এম এন জুনায়েদ, দর্শন বিভাগের নাহিদ ফারজানা ও রাকিবুল রউশন প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন...