উপাচার্যের বাসভবন চত্বরে কাফনের কাপড় ও পটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সীমানাদেয়ালের ভেতর থেকে গতকাল সোমবার সকাল ১০টার দিকে কাফনের কাপড় ও একটি পটকা উদ্ধার করেছে পুলিশ। কাফনের কাপড়ের সঙ্গে উপাচার্যকে হত্যার হুমকিসংবলিত একটি চিরকুটও পাওয়া গেছে।
এদিকে দুই সহ-উপাচার্যকে ১৩ দিন অবরুদ্ধ রাখার পর ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা গতকাল রাত সাড়ে নয়টার দিকে অবরোধ তুলে নিয়ে উপাচার্য আনোয়ার হোসেনের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী সাইফুল ইসলাম জানান, সকালে উপাচার্যের বাসভবনের এক কর্মচারী বাগানে কাজ করতে গিয়ে কাফনের কাপড় ও লাল টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান। তখন তিনি বিষয়টি অন্যদের জানান। এরপর আশুলিয়া থানার পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। চিরকুটে লেখা ছিল, উপাচার্য ক্যাম্পাসে ফিরলে তাঁকে হত্যা করা হবে।
উপাচার্য আনোয়ার হোসেন ২০ নভেম্বর থেকে ছুটি কাটিয়ে গতকাল সোমবারই ক্যাম্পাসে ফিরেছেন।
সাভার সার্কেলের আশুলিয়া ও ধামরাই থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, দেখতে ককটেলের মতো হলেও এটি ককটেল নয়, পটকা।
আশুলিয়া থানায় জিডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় গ্রামীণফোনের ০১৭৮৬৩২১২৫১ নম্বর থেকে খুদে বার্তার মাধ্যমে উপাচার্যকে হত্যার হুমকি দেওয়া হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার জানান, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে ০১৭৪৪৭৭৩৫৭৯ নম্বর থেকে কে বা কারা আন্দোলন না থামালে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
এদিকে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে দুজন সহ-উপার্যকে ১৩ দিন অবরুদ্ধ রাখার পর গতকাল রাত সাড়ে নয়টার দিকে অবরোধ তুলে নিয়ে উপাচার্য আনোয়ার হোসেনের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা।
পাশাপাশি ঐক্য ফোরামের ডাকা সর্বাত্মক ধর্মঘটের কারণে ১৩ দিন ধরে প্রশাসনিক ভবনের কাজকর্ম বন্ধ রয়েছে। তবে ক্লাস-পরীক্ষা চলছে।
উপাচার্যের দায়িত্বে থাকা সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন বলেন, ‘আমার এখতিয়ারবহির্ভূত উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে শিক্ষকেরা আমাদের অবরুদ্ধ করে রেখেছেন। আমার এখতিয়ারের মধ্যে যা ছিল, আমি তাঁদের দাবি অনুযায়ী তা করেছি। এখন আর কিছু করার নেই আমার।’ তবে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে অনড় অবস্থানের কথা জানান ঐক্য ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান। ঐক্য ফোরামের ডাকা সর্বাত্মক ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।