মাদ্রাসার কামিল পরীক্ষায় দায়িত্ব দিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর চাপ প্রয়োগ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার উপাচার্যের বাসভবনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার মধ্যে ধস্তাধস্তি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিষয়টির সমঝোতা হয় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২৭ ও ২৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। মাদ্রাসার ফাজিল পরীক্ষার সময় কেন্দ্রগুলোয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে কামিল পরীক্ষায় এ ধরনের কোনো দায়িত্ব দিয়ে কাউকে পাঠানো হয় না। এবার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা কামিল পরীক্ষায়ও তাঁদের দায়িত্ব দিতে উপাচার্যের কাছে দাবি জানান। এ জন্য গতকাল (বৃহস্পতিবার) তাঁরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসের শ্রদ্ধাঞ্জলি শেষে সকালে উপাচার্য আবদুল হাকিম সরকার তাঁর নিজ বাসভবনে ফিরছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা শাখার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সাইদুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা রাস্তায় উপাচার্যকে ঘিরে ধরেন। ২৭ মার্চ শুরু হতে যাওয়া মাদ্রাসার কামিল পরীক্ষার দায়িত্বে তাঁদের নাম অন্তর্ভুক্তির জন্য তাঁরা উপাচার্যের অনুমোদন চান। এ জন্য একটি নথিতে (ফাইল) স্বাক্ষর করতে তাঁরা রাস্তার ওপরই তাঁর সঙ্গে জোরাজুরি শুরু করেন। একপর্যায়ে উপাচার্য সেখান থেকে বাসভবনে ফিরে যান।
নাম প্রকাশ না করার শর্তে উপাচার্যের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এ ঘটনার কিছুক্ষণ পর ওই কর্মকর্তারা উপাচার্যের বাসভবনে গিয়ে ওই ফাইলে স্বাক্ষরের জন্য আবারও তাঁকে জোরাজুরি করতে থাকেন। সে সময় সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং উপাচার্যের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে জোরাজুরিরত কর্মকর্তাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ত ম লোকমান হাকিমসহ প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় দুই পক্ষকে নিবৃত্ত করা হয়। এরপর উপাচার্য আগামী কর্মদিবসে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলে কর্মকর্তারা ফিরে যান।
হট্টগোলের বিষয়টি অস্বীকার করে সাইদুর রহমান বলেন, ‘এর আগে কামিল পরীক্ষার সময় দায়িত্ব দেওয়া হবে, এমন কথা বলা হয়েছিল। এখন আমাদের দায়িত্ব না দেওয়ায় বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। পরের কার্যদিবসে আমাদের দায়িত্ব দেওয়া হবে, এই আশ্বাসে আমরা চলে এসেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি মাহবুবুল আরফিন বলেন, স্বাধীনতা দিবসের মতো মহান একটি দিনে, এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ঘটনাটি দুঃখজনক। এর আগে কামিল পরীক্ষার দায়িত্ব পালনের জন্য কাউকেই বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়নি। কিন্তু ওই কর্মকর্তারা দাবি তুলেছেন।