ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের বাসভবনের নিকটে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এ বিষয়ে তাত্ক্ষনিক কোনো তথ্য জানা যায় নি।
উপাচার্যের ক্যাম্পাসের বাসভবনের দায়িত্বরত আনসার সদস্যরা জানান, রাত সোয়া ১০টার দিকে বাসভবনের নিকটে পরপর দুটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এ সময় খানিকটা অন্ধকার থাকায় কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ককটেল বিস্ফোরণের পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ইবি থানা পুলিশকে জানানো হয়েছে।’
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মীর শরিফুল হক জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করে একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।’
উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘আমি ঢাকাতে আছি। তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি আমি শুনেছি। তিনি বলেন, কারা কী কীরণে ককটেল ফুটিয়েছে তা আমার জানা নেই।’