কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গত শুক্রবার রাতে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। ঘটনার সময় উপাচার্য আবদুল হাকিম সরকার বাসভবনে ছিলেন না। পরে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ভবিষ্যতে বোমা মেরে উপাচার্যের বাসভবনও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, তা জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক উপাচার্যের বাসভবনের কাছে দায়িত্বরত একজন নিরাপত্তাকর্মী বলেন, ‘রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবনের ১০০ গজ দূরে পশ্চিম পাশে হঠাৎ তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তবে সঙ্গে সঙ্গে আশপাশে গিয়ে কাউকে দেখতে পাইনি।’
এদিকে ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত কয়েকজন সাংবাদিকের কাছে একটি মুঠোফোন নম্বর থেকে খুদে বার্তা পাঠানো হয়। তাতে বিস্ফোরণের দায় স্বীকার করে বলা হয়, ‘চাকরি দেওয়ার কথা বলে উপাচার্য আমার কাছ থেকে আট লাখ টাকা নিয়েছেন। কিন্তু এখনো চাকরি দিচ্ছেন না। আজ বাসভবনের সামনে ককটেল মারলাম, আগামী দিন বাসভবন উড়িয়ে দেব।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপাচার্য আবদুল হাকিম সরকার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটাল তা আমার বোধগম্য নয়।’ তিনি আরও বলেন, ছয় মাস আগে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সার্কুলার হয়নি। এর আগে যিনি উপাচার্য ছিলেন, তাঁর সময়কালে কোনো নিয়োগের প্রক্রিয়া ঝুলে আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন জানান, কুষ্টিয়ার এএসপি সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যে মুঠোফোন নম্বর দিয়ে হুমকি দেওয়া হয়েছে সেটি গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে। তারা বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ না করায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টির তদন্ত চলছে।