জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গতকাল শনিবার পাল্টাপাল্টি অবস্থান নিয়ে সমাবেশ করেছে শিক্ষকদের দুই পক্ষ।বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদের হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত, উপাচার্য প্যানেল নির্বাচন, অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধসহ আট দফা দাবিতে শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা সকাল সাতটা থেকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। গণিত বিভাগের শূন্যপদে তিনজন শিক্ষক নিয়োগের লক্ষ্যে সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনে মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। শিক্ষকদের অবস্থান দেখে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির তাঁর নিজ বাসভবনের কার্যালয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি জানতে পেরে আন্দোলনরত শিক্ষকেরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে দুই ফটকের সামনে অবস্থান নেন। এদিকে প্রায় একই সময়ে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষকসমাজের কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজের ব্যানারে সমাবেশ করে শিক্ষকদের অপর পক্ষ। ওই সময় আন্দোলনরত শিক্ষকদের অবস্থানের কারণে ভেতরে প্রবেশ করতে পারেননি পরীক্ষার্থীরা। কিছুক্ষণ পর কয়েকজন পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের বাসভবনের ভেতর দিয়ে জঙ্গল পেরিয়ে উপাচার্যের বাসভবনে ঢোকেন।এদিকে পরীক্ষা দিতে না পারায় পাঁচজন আবেদনকারী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে গতকাল রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন করেছেন। প্রগতিশীল শিক্ষকসমাজের সদস্য মো. খবির উদ্দিন অভিযোগ করে বলেন, শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা উপাচার্যের বাসভবন থেকে কাউকে বেরোতে দেননি। এমনকি মৌখিক পরীক্ষা নিতে আসা শিক্ষকেরা অসুস্থ হয়ে পড়লেও তাঁদের বের হতে দেননি ওই শিক্ষকেরা।শিক্ষক সমিতির সম্পাদক মো. শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাদের বাসভবনে প্রবেশ করতে দেননি, কথাও বলেননি।’যোগাযোগ করলে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্ বলেন, বিভাগের শূন্যপদের বিপরীতে শিক্ষক নিয়োগ দিতে প্রশাসনের কাছে প্রস্তাব করা হয়েছিল। প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নিয়মতান্ত্রিকভাবে সব প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়। কিন্তু আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে উপাচার্য তাঁর বাসভবনের কার্যালয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন।