উপাচার্যের বাসার সামনে তাঁবু টানিয়ে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকেরা গতকাল উপাচার্যকে তাঁর বাসভবনে অবরুদ্ধ করে বাসার ফটকের সামনে অবস্থান নেন ষ ছবি: প্রথম আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকেরা গতকাল উপাচার্যকে তাঁর বাসভবনে অবরুদ্ধ করে বাসার ফটকের সামনে অবস্থান নেন ষ ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকেরা এবার উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে অবরুদ্ধ করে তাঁর বাসার সামনে তিনটি তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন। তাঁরা বাসার টেলিভিশনের স্যাটেলাইট কেবেলর সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে উপাচার্য অভিযোগ করেছেন।
উপাচার্য বলেছেন, কিছু শিক্ষকের এ ধরনের আন্দোলন নীতি নৈতিকতা ও ন্যায়ের পরিপন্থী। অবরুদ্ধ করা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ ও মানবিকতার পরিপন্থী। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য এ কথা বলেন।
আচার্যের নির্দেশনা অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে শিক্ষকেরা গতকাল সকাল থেকে উপাচার্যকে তাঁর বাসভবনে অবরুদ্ধ করে রাখেন। এর আগে চিকিৎসার জন্য ১৩ দিন ছুটিতে থাকার পর উপাচার্য গত সোমবার সন্ধ্যায় তাঁর বাসভবনে আসেন। রাত সাড়ে নয়টার দিকে দুই সহ-উপাচার্যের অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষকেরা উপাচার্যের বাসভবনে যান।
শিক্ষকেরা জানান, এ সময় তাঁরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে অসুস্থতার কথা বলে তিনি অপারগতা জানান। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষকেরা তাঁর বাসভবনের সামনে অবস্থান নেন।
ঐক্য ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান গতকাল বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে সাংবাদিকদের বলেন, আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ ২৭ দিন আগে উপাচার্য প্যানেল নির্বাচন দিতে উপাচার্যকে নির্দেশনা দিয়েছেন, কিন্তু উপাচার্য তা করছেন না। এর মাধ্যমে উপাচার্য রাষ্ট্রপতির নির্দেশনা অমান্য করছেন।
এ সময় দেখা যায়, উপাচার্যের বাসভবনের সামনে তিনটি স্থানে তাঁবু টানিয়েছেন শিক্ষকেরা। এর মধ্যে একটি তাঁবু উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে। এতে প্রধান ফটকটি ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া নিরাপত্তা কর্মীদের জন্য নির্মিত ছাউনি শিক্ষকেরা ব্যবহার করছেন।
প্রধান ফটকের সামনে তাঁবু টানানোর কারণ জানতে চাইলে মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, ওই জায়গাটি সুবিধাজনক। উপাচার্য তাঁবু সরাতে বললে তা সরানো হবে।
উপাচার্যের বক্তব্য: গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে আচার্যের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আন্দোলনকারী শিক্ষকদের বাধার কারণেই তা সম্ভব হচ্ছে না। উপাচার্য আন্দোলনরত শিক্ষকদের তাঁর বাসবভনের সামনে থেকে অবস্থান প্রত্যাহারের আহ্বান জানান।
উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিক্ষকেরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন।
উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে প্রায় আট মাস ধরে শিক্ষকদের একটি অংশ কর্মবিরতি, ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।