উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামুসদ্দীনের বিরুদ্ধে নানা অনিয়ম ও বিএনপি-জামায়াতকে পুনর্বাসনের প্রতিবাদে গতকাল মানববন্ধন করা হয় l প্রথম আলো
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামুসদ্দীনের বিরুদ্ধে নানা অনিয়ম ও বিএনপি-জামায়াতকে পুনর্বাসনের প্রতিবাদে গতকাল মানববন্ধন করা হয় l প্রথম আলো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য মো. শামুসদ্দীনের বিরুদ্ধে নানা অনিয়ম-স্বজনপ্রীতি, দুর্নীতি ও বিএনপি-জামায়াতকে পুনর্বাসনের অভিযোগ উঠেছে।
উপাচার্যের বিরুদ্ধে এসব অনিয়মের প্রতিবাদে গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুমকি উপজেলা সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এই প্রতিবাদ সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় দুর্নীতিমুক্ত করতে নানা কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।
বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি চলাকালে সেখানে বক্তব্য দেন দুমকি উপজেলা নাগরিক ফোরামের সভাপতি আবদুল হাকিম খান, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহ আলম, মুক্তিযোদ্ধা কাজী আবদুল মোতালেব, জাপা নেতা সৈয়দ জিয়াউল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম খান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, মো. শামুসদ্দীন বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে স্বজনপ্রীতি, অঞ্চলপ্রীতি, নিয়োগ-বাণিজ্যসহ বিএনপি-জামায়াতের প্রার্থীদের পুনর্বাসন করছেন। বিশ্ববিদ্যালয়ে বর্তমান উপাচার্যের আমলে বিএনপি-জামায়াতের বেশ কয়েকজন নেতা-কর্মীর চাকরি দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক, শিবিরের সাবেক নেতা ও কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য জিল্লুর রহমান, তিনি ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার হলেও উপাচার্য তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এমনকি বিধি অনুযায়ী কোনো শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী কারাভোগ করলে তাঁকে সাময়িক বরখাস্ত করতে হয়, কিন্তু তিনি তাও করেননি। এ ব্যাপারে স্থানীয় ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল-স্মারকলিপি দেওয়া হলেও উপাচার্য কোনো ব্যবস্থা নেননি। বক্তারা বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিশ্ববিদ্যালয়ের সুনাম তথা সরকারের ভাবমূর্তি বিনষ্ট হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘আসলে যেসব অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। আর নিয়োগ আমি একা দিই না। এখানে নিয়োগ কমিটি রয়েছে।’