উপাচার্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ ও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাঁর শাস্তি দাবি করেছে মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন।
গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়ে সংগঠনটির নেতারা হুমকি দেন যে আগামী ১৫ দিনের মধ্যে উপাচার্যকে অপসারণ করা না হলে তাঁরা আমরণ অনশনে যাবেন।
সংগঠনের নেতারা উপাচার্যকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’, দুর্নীতিবাজ, জামায়াত-শিবির তোষণকারী হিসেবে উল্লেখ করেন। তবে উপাচার্য আনোয়ারুল আজিম বলেছেন, অবৈধ সুবিধা না পাওয়ায় তাঁর পেছনে লেগেছেন অনেকে।
গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির নেতা মোহাম্মদ ইদ্রিছ। এ সময় বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদের সভাপতি গাজী সালেহউদ্দিন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে উপাচার্য পদটি বাগিয়ে নেন। মহান স্বাধীনতা সংগ্রামে তাঁর কোনো অংশগ্রহণ ছিল না। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি ও স্বজনপ্রীতির আখড়ায় পরিণত করেছেন।’
হঠাৎ উপাচার্যের বিরুদ্ধে এই অভিযোগ কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ ইদ্রিছ বলেন, ‘আমরা শুনেছি, নব্য আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ পুনরায় উপাচার্য পদে আসীন হতে বিভিন্নভাবে চেষ্টা করছেন। এ জন্য আমরা জাতির কাছে তাঁর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরলাম।’ উল্লেখ্য, আগামী ১৫ জুন উপাচার্য অধ্যাপক আনোয়ারুলের মেয়াদ শেষ হবে।
অভিযোগের বিষয়ে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। মেয়াদের শেষ মুহূর্তে এসে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। মূলত অবৈধভাবে মোহাম্মদ ইদ্রিছ অযোগ্য কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দিতে আমাকে চাপ দিচ্ছিলেন। তাঁদের চাকরি না হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ে তিনি সুযোগ করতে না পারায় আমার পেছনে লেগেছেন। আর আমি ভুয়া মুক্তিযোদ্ধা হলে তা তদন্ত করবে তো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। ওরা বলার কে?’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সুভাষ চৌধুরী, বাদশা মিয়া, অঞ্জন সেন, গৌরী শংকর চৌধুরী, আনোয়ারুল হক, তপন চৌধুরী প্রমুখ।