রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরোধিতায় সরব হচ্ছে আওয়ামীপন্থী ও বামপন্থী শিক্ষকদের জোট। তারা বলছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ‘দলীয় শিক্ষকদের’ হয়রানি করছে। এমন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে আজ মঙ্গলবার সভা আহ্বান করা হয়েছে।
সভা ডেকেছে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’। এ-সংক্রান্ত একটি চিঠিতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদের সই রয়েছে।
সংগঠনের একটি সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারের মাধ্যমে মনোনীত ব্যক্তি। তিনি নির্বাচিত উপাচার্য নন। আওয়ামীপন্থী হওয়ার কারণেইতিনি উপাচার্য হওয়ার সুযোগ পেয়েছেন। অথচ তিনি সরকারপন্থী তথা প্রগতিশীল শিক্ষকদের বিভিন্নভাবে হয়রানি করছেন। আগামী ফেব্রুয়ারিতে উপাচার্যের চলতি মেয়াদ শেষ হবে। এই শেষ সময়ে এসেও তিনি দলীয় শিক্ষকদের যাতে ভয়ের মধ্যে রাখা যায়, সেই চেষ্টা করছেন।
সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলে উপাচার্যের বিরুদ্ধে তাঁদের ক্ষোভের অন্তত চারটি কারণ পাওয়া গেল। গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী কর্মসূচির প্রস্তুতি কমিটিতে উপাচার্য বিএনপিপন্থী নেতৃস্থানীয় কয়েকজন শিক্ষককে রেখেছিলেন। অথচ জঙ্গিবাদের মদদদাতা হিসেবে সরকার যাদের প্রতি আঙুল তুলেছে, তাদের মধ্যে বিএনপিও রয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং কমিটির সভায় অনুপস্থিত থাকায় চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সভায় অনুপস্থিত থাকার ঘটনায় এভাবে নোটিশ দেওয়ার কোনো নজির বিশ্ববিদ্যালয়ে নেই।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘শিক্ষক হয়রানি কীভাবে হলো। প্রশাসন তো সকলের জন্যই।’ এ বিষয়ে ওই শিক্ষকদের কাছেই জিজ্ঞেস করতে বলেন তিনি। উপাচার্য বলেন, শিক্ষক তো শিক্ষকই। দলীয় শিক্ষক বলতে তাঁরা কী বোঝাচ্ছেন, তিনি বুঝতে পারছেন না।