উপাচার্যের ভারত সফর নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। প্রায় ২০ মাস আগে রাজশাহী এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এত দিন এর বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের ৬ ও ৭ জুন বাংলাদেশে আসেন। ৬ জুন দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য তালাত আহমদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে পারস্পরিক সহযোগিতা স্মারকে (এমওইউ) সই করেন। এতে উচ্চশিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে।
রেজিস্ট্রারের দপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সমঝোতা স্মারক বাস্তবায়নে কোনো লিখিত প্রস্তাব ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠায়নি। তবে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উপাচার্য তালাত আহমদ সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য উদ্যোগ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের মেয়াদ ১৯ মার্চ শেষ হওয়ার কথা। এই সময় উপাচার্য ও সাতটি অনুষদের ডিন আজ সোমবার নয়াদিল্লি যাচ্ছেন। তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও আরও দুটি অনুষদের ডিনের যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা ভিসা ও অন্যান্য জটিলতার কারণে যেতে পারছেন না।
মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক রকিব আহমদ বলেন, নয়াদিল্লির ওই বিশ্ববিদ্যালয়ে ব্যবসা ও কৃষি অনুষদ নেই। কিন্তু দলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই দুই অনুষদের ডিনকেও নেওয়া হচ্ছে। এত দিন কাজ না করে শেষ সময়ে বিশ্ববিদ্যালয়ের টাকায় তাঁরা বেড়াতে যাচ্ছেন বলে মনে হচ্ছে।
এদিকে এমওইউ স্বাক্ষরের চার মাস পর রাজশাহী বিশ্ববিদ্যালয় যে অগ্রগতি প্রতিবেদন জমা দেয়, তা নিয়েও বিতর্ক উঠেছে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ২০১৫ সালের সেপ্টেম্বরে নিজ উদ্যোগ ও খরচে ভারতে শিক্ষাসফরে যান। ওই শিক্ষাসফরের অংশ হিসেবে তাঁরা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যান। তাঁদের সফরকে সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি হিসেবে দেখানো হয়েছে। যদিও ওই বিভাগ সফর শেষে যে স্মরণিকা প্রকাশ করেছে, তার কোনো জায়গায় দুই বিশ্ববিদ্যালয়ের চুক্তি বাস্তবায়নের প্রতিনিধিত্ব করার কোনো কথা উল্লেখ করা হয়নি। রেজিস্ট্রার মু. এন্তাজুল হক গতকাল রোববার বলেছেন, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ শিক্ষাসফরে যাচ্ছে জেনে তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যকে যুক্ত করে দেওয়া হয়।
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, চুক্তি বাস্তবায়নের কাজ তাঁরা করে যাচ্ছেন। তাঁদের প্রতিনিধিদল আগে গেছে। শিক্ষার্থীরা শিক্ষাসফরে গেছে। তাঁরা আজ যাচ্ছেন। ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকেও প্রতিনিধিরা আসবেন। কৃষি ও ব্যবসা অনুষদের ডিনকে সঙ্গে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন।