উপাচার্যের যোগদান বিজ্ঞপ্তি আস্তাকুঁড়ে নিক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের যোগদান বিজ্ঞপ্তির প্রতিলিপি আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশের পর তাঁরা এ কাজ করেন।
উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কোনো ধরনের প্রশাসনিক সম্পর্ক রাখতে পারবেন না বলেও সমাবেশে ঘোষণা দেন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা।
উপাচার্য গত ২০ নভেম্বর থেকে চিকিৎসাজনিত ছুটিতে ছিলেন। এক মাস ছুটিতে থাকার পর গত শনিবার তিনি বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন বলে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সমাবেশে লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনের জন্য আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণাসহ চারটি নির্দেশনা দিয়েছেন। কিন্তু উপাচার্য আনোয়ার হোসেন তা না করে তাঁর পদের স্থায়িত্ব দীর্ঘায়িত করার চেষ্টা করছেন।