উপাচার্যের সঙ্গে শিক্ষকদের বিরোধ কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে সাধারণ শিক্ষকদের বিরোধ প্রকট হয়ে উঠেছে। মূলত চাকরির বয়সসীমা ৬৫ বছর করার দাবিতে গত মঙ্গলবার থেকে তাঁরা কর্মবিরতি পালন করছেন। তবে কয়েকজন শিক্ষক কর্মসূচির সঙ্গে ভিন্নমত প্রকাশ করে ক্লাস নিচ্ছেন।আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বর্তমান উপাচার্যের নিয়োগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক নিয়োগে দলীয়করণ, নিয়মবহির্ভূতভাবে ভূতাপেক্ষ পদোন্নতি—এসব বিষয়ে উপাচার্যের সঙ্গে শিক্ষকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সর্বশেষ গত ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শিক্ষকদের বয়সসীমা বাড়ানো নিয়ে বিরোধ প্রকট হয়ে ওঠে।বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মো. জয়নুল আবেদিন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এ বিষয়ে উপাচার্য কার্যকর ব্যবস্থা নেননি।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বয়সসীমা ৬৫ বছর করার ঘোষণা দেওয়ার পর তা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। এই মুহূর্তে শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকদের অবিরাম ক্লাস বর্জন অনৈতিক।এ সম্পর্কে বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম বলেন, শিক্ষকদের সঙ্গে কোনো বিরোধ নেই। বয়সসীমা নিয়েই শিক্ষকেরা আন্দোলন করছেন। তিনি বলেন, সরকার যেখানে কাজ করে যাচ্ছে, সেখানে শিক্ষকদের এমন কর্মবিরতি উচিত নয়।