উপাচার্যের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। উপাচার্য মো. সাইফুদ্দিন শাহর একটি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষকেরা গত বৃহস্পতিবার থেকে শিক্ষার্থী ভর্তিসহ সব একাডেমিক কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছেন।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং কলা ও মানবিক স্কুলের অপসারিত ভারপ্রাপ্ত ডিন মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, বাংলা ও সাহিত্য ডিসিপ্লিনের শিক্ষক নিয়োগ-সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে ঘটনার সূত্রপাত। উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ স্কুলের ভারপ্রাপ্ত ডিনের সঙ্গে আলোচনা না করেই নিয়মবহির্ভূতভাবে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সাধারণ শিক্ষকেরা এর প্রতিবাদ জানালে ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের এক আদেশে উপাচার্যকে বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধানের পদে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগপত্র অনুমোদন না করায় ১৬ জানুয়ারি এক অফিস আদেশে কলা ও মানবিক স্কুলের ভারপ্রাপ্ত ডিনের পদ থেকে তাঁকে অপসারণ করা হয়।মোস্তাফিজুর রহমান জানান, ‘খুলনা বিশ্ববিদ্যালয় ১৯৯০ আইনের ২৯ (২) ও ২৯ (৩) অনুচ্ছেদে উপাচার্য কর্তৃক ডিসিপ্লিনের প্রধান নিয়োগের কথা বলা হয়েছে। কিন্তু কোথাও তিনি নিজে প্রধান হবেন এমন বিধান নেই। নিয়মবহির্ভূত হওয়ায় উপাচার্যের ওই পদে যোগদানপত্র অগ্রায়ণ করা যাবে না বলে জানিয়েছিলাম।’উপাচার্য হয়ে বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনের (বিভাগ) ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব নেওয়া এবং কলা ও মানবিক স্কুলের (অনুষদ) ভারপ্রাপ্ত ডিন মোস্তাফিজুর রহমানকে অপসারণ করার সিদ্ধান্তকে আইনবহির্ভূত উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানায় শিক্ষক সমিতি। উপাচার্য তাঁর সিদ্ধান্তে অটল থাকায় বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষক সমিতির সদস্যরা। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষক সমিতি গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা জানায়।শিক্ষক সমিতি সূত্র জানায়, গতকাল বিকেলে শিক্ষক সমিতির সঙ্গে উপাচার্যের দীর্ঘ বৈঠক হলেও তা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। দুই পক্ষই তাদের অবস্থানে অনড় রয়েছে। সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও জীববিজ্ঞান অনুষদ ইতিমধ্যে শিক্ষক সমিতির এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভর্তি কার্যক্রম থেকে বিরত রয়েছে। উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে দাবি আদায়ের বিষয়ে করণীয় নির্ধারণ করতে শিক্ষক সমিতির নেতারা রাতে বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয় আজ রোববারও শিক্ষকেরা কর্মবিরতি পালন করবেন। এর পরও উপাচার্য তাঁর সিদ্ধান্ত না পাল্টালে তাঁরা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।যোগাযোগ করা হলে উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ জানান, নতুন চালু হওয়া বাংলা ও সাহিত্য ডিসিপ্লিনে কোনো শিক্ষক না থাকায় কার্যক্রমকে সামনে এগিয়ে নিতেই তিনি এই দায়িত্ব নিয়েছেন। কিন্তু কলা ও মানবিক স্কুলের সাবেক ভারপ্রাপ্ত ডিন ও বর্তমান ইংরেজি ডিসিপ্লিন প্রধান বিষয়টি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছেন। তিনি ইংরেজি ডিসিপ্লিনের কয়েকজন শিক্ষককে প্রভাবিত করে ওই স্কুল ও ডিসিপ্লিনের ভর্তি কার্যক্রম বিঘ্নিত এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন উপাচার্য।