কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলা নিয়ে একাডেমিক কাউন্সিলে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার একাডেমিক কাউন্সিলে নতুন বিভাগ খোলার বিষয়ে উপাচার্যের অনুমোদন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন সোমবার উপাচার্যের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক এবং বিএনপি-জামায়াতপন্থী কয়েকজন শিক্ষকনেতা। দেখা করে তাঁরা সিদ্ধান্ত প্রত্যাহারে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের হুমকি দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সব বিভাগেই ক্লাস-পরীক্ষা বর্জন করেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রাশিদ আশকারী বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সভায় সবার উপস্থিতিতেই নতুন কিছু বিভাগ খোলার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷’
এদিকে নতুন বিভাগ খোলার দাবি জানিয়ে মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা৷