বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খানের হাতে একই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম জাকারিয়া স্বপনের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে এ বিষয়ে গঠিত অনুসন্ধান কমিটি। পাশাপাশি, নার্স নিয়োগে কোনো অনিয়ম পায়নি কমিটি।
গতকাল সোমবার বিএসএমএমইউর শহীদ ডা. মিলন হলে হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি ও সিনিয়র স্টাফ নার্স নিয়োগের অনিয়মের বিষয়ে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন প্রকাশ করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এতে বলা হয়, উপাচার্য ও সহ-উপাচার্যকে নিয়ে প্রকাশিত সংবাদ বিশ্ববিদ্যালয় ও চিকিৎসকদের সুনাম ক্ষুণ্ন করেছে।
সম্মেলনে জানানো হয়, উপাচার্য কর্তৃক সহ-উপাচার্যকে (শিক্ষা) শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সত্য বলে প্রমাণিত হয়নি। সংবাদ সম্মেলন শেষে নিজ কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করবে, তা নিজেদের মধ্যে আলোচনা করা হচ্ছে।