শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের দাবি
উপাচার্যের 'দুর্নীতির শ্বেতপত্র'
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকেরা এবার উপাচার্যের ‘দুর্নীতির শ্বেতপত্র’ প্রকাশ করেছেন।
অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার দাবিতে মৌন মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচি পালিত হয়।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে তাঁর পদত্যাগের দাবিতে অবস্থানরত শিক্ষকেরা উপাচার্যের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করেন। শ্বেতপত্র পাঠ করে শোনান আন্দোলনরত সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম। শ্বেতপত্রে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বজনপ্রীতি, সরকারি অর্থ নষ্ট করা, ভোজনবিলাস, বিদেশ-ভ্রমণ প্রীতি, অযোগ্যতা, অদক্ষতা, পরিদর্শন-বাণিজ্য ও পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলে ধরা হয়। এ সময় অধ্যাপক ইয়াসমিন হক, মোহাম্মদ ইউনুছ, মস্তাবুর রহমান, সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ প্রসঙ্গে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘এটি উদ্দেশ্যপ্রণোদিত, হাস্যকর এবং অতিরঞ্জিত। এর কোনো সত্যতাই নেই। এটি নিছক আমাকে হেয় করার জন্য করা হয়েছে।’
এদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট থেকে মৌন মিছিলটি বের করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতা-কর্মীরাও অংশ নেন।
মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রশাসনিক ভবনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রবেশে আন্দোলনকারী শিক্ষকদের বাধা দেওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদ ও বাধা অপসারণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়।
নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রাধ্যক্ষের কাজে যোগদান: উপাচার্য গত বুধবার ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রাশেদ তালুকদার এবং বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হাসান জাকিরুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। তাঁরা কাজে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার নতুন প্রক্টর ও সহকারী প্রক্টররা কাজে যোগ দিয়েছেন। নতুন নিয়োগপ্রাপ্তরা সবাই সরকার-সমর্থক শিক্ষকদের অপর পক্ষ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের সদস্য।