দিনাজপুরের পার্বতীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের ছেলে ওই কলেজের গণিত শিক্ষক বেনজির আহম্মেদের হাতে কলেজ পরিচালনা কমিটির তিন শিক্ষক প্রতিনিধি সদস্য শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপাধ্যক্ষ পদে নিয়োগকে কেন্দ্র করে গত শনিবার এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা গেছে, এখানে উপাধ্যক্ষ নিয়োগের জন্য গত ১ সেপ্টেম্বর একটি দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে কলেজের দুই শিক্ষকসহ ১৩ প্রার্থী আবেদন করেন। কিন্তু উপাধ্যক্ষ প্রার্থী রাজেন্দ্র প্রসাদ স্বচ্ছতার প্রশ্ন তুলে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে ২০ নভেম্বর দিনাজপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। এতে আদালত কারণ দর্শানোর নোটিশ দিলে কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত তারিখে নিয়োগ পরীক্ষা স্থগিত করে। এদিকে আদালতে মামলা দায়েরের সঙ্গে পরিচালনা কমিটির তিন শিক্ষক প্রতিনিধি সদস্য জড়িত থাকার সন্দেহে তাঁদের বাদ দিয়েই অধ্যক্ষ গত শুক্রবার কমিটির এক সভা ডাকেন। পরদিন শনিবার তিন শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষের কাছে এর জবাব চান। এ নিয়ে দুই পক্ষের বাগিবতণ্ডার একপর্যায়ে অধ্যক্ষের ছেলে প্রভাষক বেনজির আহম্মেদ শিক্ষক প্রতিনিধি এ বি এম সাদেকুর রহমানকে মারধর করেন। এ সময় অপর দুই প্রতিনিধি আবদুস সবুর ও তৌহিদুর রহমান এগিয়ে এলে তাঁদেরও লাঞ্ছিত করেন বেনজির। পরে কমিটির সভাপতি লতিফা বেগম, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল ওহাব সরকার ও রেল পুলিশের সহকারী উপপরিদর্শক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়।
অধ্যক্ষ আজগর আলী জানান, শিক্ষক প্রতিনিধিরা অহেতুক তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পরই তাঁর ছেলে শিক্ষকদের ওপর চড়াও হন।
এদিকে তিন শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষের গায়ে হাত তোলার অভিযোগ অস্বীকার করে জানান, অধ্যক্ষের কাছে তাঁদের বাদ দিয়ে সভা ডাকার কারণ জানতে চাইলে তাঁর ছেলে তাঁদের গায়ে হাত তোলেন।