ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে অবস্থিত কামারগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এদিকে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে আজ শুক্রবার বিশেষ সভা ডাকা হয়েছে বলে স্থানীয় সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।খোঁজ নিয়ে জানা গেছে, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাংসদ আবদুর রহমান কলেজ ক্যাম্পাস থেকে ১২ কিলোমিটার দূরে মালা শহীদ আসাদুজ্জামান উচ্চবিদ্যালয়ে বিশেষ সভা আহ্বান করেছেন। অপর দিকে নিয়োগ-প্রক্রিয়া ঝুলিয়ে রাখার অভিযোগে নিয়োগ-প্রত্যাশী ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আবুল কাশেম গত বুধবার ফরিদপুর সহকারী জজ আদালতে মামলা করেছেন। মামলায় কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সাংসদকে আসামি করা হয়েছে।কলেজ সূত্রে জানা যায়, গত বছরের ১২ সেপ্টেম্বর সাংসদ মো. আবদুর রহমানের সভাপতিত্বে উপাধ্যক্ষ নিয়োগের জন্য সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিলে ১৪টি আবেদন জমা পড়ে। বাছাই কমিটি সব কটি আবেদনই বৈধ ঘোষণা করে।কলেজের অধ্যক্ষ মো. মোরসেদুর রহমান গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘বাছাই শেষে প্রার্থীদের ইন্টারভিউ কার্ড ইস্যুর উদ্যোগ নেওয়া হলে সভাপতি নিয়োগ-প্রক্রিয়া স্থগিত রেখে আবার সভা আহ্বানের নির্দেশ দেন।’পরিচালনা পর্ষদের চারজন সদস্য মো. নুরুল ইসলাম, মো. মনিরুজ্জামান, খান নওয়াব আলী ও মো. কামরুল ইসলাম অভিযোগ করেন, সাংসদ পছন্দের প্রার্থী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল আতাউর রহমানকে নিয়োগ দিতেই সভা ডেকেছেন। তাঁরা ওই সভায় যোগদান না করার সিদ্ধান্ত লিখিতভাবে জানিয়েছেন।প্রভাষক কামাল আতাউর রহমান বলেন, ‘আমি এ কলেজের উপাধ্যক্ষ পদে প্রার্থী হতে ইচ্ছুক। কিন্তু সরকারি বিধি অনুসরণ না করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় আমি ওই পদে আবেদন করতে পারিনি।’ তবে স্নাতক শ্রেণীতে তাঁর তৃতীয় বিভাগ রয়েছে এবং তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে আছেন বলে স্বীকার করেন।অভিযোগ প্রসঙ্গে সাংসদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পরিচালনা পর্ষদ আমাকে না জানিয়ে সরকারি নিয়োগবিধি উপেক্ষা করে তৃতীয় বিভাগের কেউ অংশ নিতে পারবে না মর্মে রেজুলেশন করেছে। এ জন্য আমি পরিচালনা পর্ষদের আজকের সভা ডেকেছি। বিশেষ কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া নয়, বরং সরকারি বিধি মেনে সবাইকে সুযোগ করে দেওয়ার জন্যই এ সভা ডাকা হয়েছে। তবে মামলা ও সমন জারি সম্পর্কে আমার কিছু জানা নেই।’