কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষকে বদলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
গতকাল সোমবার রাত আটটার দিকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি রিপন চৌধুরী ও কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোছাব্বির তানিম।
রিপন চৌধুরী বলেন, অন্যায়ভাবে কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত বাপ্পিকে জামালপুর মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। শহরের ক্লিনিক-বাণিজ্য রমরমা করার জন্য একটি প্রভাবশালী চক্র তাঁকে বদলি করিয়েছে। তিনি বলেন, অরূপ দত্তের অনুপস্থিতিতে এই কলেজের লেখাপড়া যেমন ব্যাহত হবে, তেমনি শিশুরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে।
রিপন চৌধুরী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এই বদলির আদেশ প্রত্যাহার করা না হলে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। তিনি বলেন, বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (আজ) সকালে মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানববন্ধন করবেন। সেখান থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।
কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত বলেন, রাতে তিনি জানতে পেরেছেন, তাঁকে জামালপুর মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। কী কারণে এই বদলি, তা তিনি জানেন না। শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কেও তিনি অবগত নন।