সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের একজন সহকারী অধ্যাপকের কক্ষে তালা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। ওই দুজনকে কলেজে না আসতেও নিষেধ করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি কলেজের ফার্মাক্লোজি বিভাগের প্রধান অধ্যাপক মোশাররফ হোসেন উপাধ্যক্ষ পদে পদোন্নতি পান। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাঁর এ পদোন্নতির পর কলেজে যোগদানের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাঁর উপাধ্যক্ষ পদে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে বিএমএর স্থানীয় নেতারা বিরোধিতা করেন। গত রোববার এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মোশাররফ হোসেন গতকাল সকালে কলেজে নিজ দপ্তরে প্রথম যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজের একটি পরীক্ষা নেওয়ার জন্য নিজ দপ্তর থেকে মোশাররফ হোসেন বের হলে বিএমএর কেন্দ্রীয় সহসভাপতি ইহতেশামুল হক চৌধুরীসহ বিএমএ সিলেট জেলা শাখার সভাপতি রোকনউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ একদল ছাত্রলীগ নেতা-কর্মী নিয়ে সেখানে গিয়ে উপাধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মইনুল হকের কক্ষে গিয়ে বিএমএ নেতারা তাঁকে বের করে দিয়ে আরেকটি তালা ঝুলিয়ে দেন। এ সময় ওই কক্ষের নামফলক ভেঙে ফেলে বিএমএর নেতারা মিছিল করে ঘটনাস্থল ত্যাগ করেন।যোগাযোগ করলে বিএমএর নেতারা উপাধ্যক্ষসহ দুটি কক্ষে তালা মেরে দেওয়ার কথা নিশ্চিত করেন। কারা এ কাজ করেছে? এমন প্রশ্নে ইহতেশামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাটি শুনে সেখানে পরে গিয়েছি।’ এ ব্যাপারে তিনি স্থানীয় বিএমএ নেতাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। বিএমএ সিলেট জেলার সভাপতি রোকনউদ্দিন আহমদ বলেন, ‘ওই পক্ষের একজন জুনিয়র চিকিত্সক আমার সঙ্গে বেয়াদবি করেছে। এ ঘটনা শুনে ক্ষুব্ধ বিএমএ ও ছাত্রলীগের ছেলেরা কক্ষে তালা দিয়েছে।’ এ ব্যাপারে উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।