ময়মনসিংহের নান্দাইলে এক মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ থাকার পরও এ ঘটনায় জড়িত উপাধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ ঘটনায় ওই ছাত্রীর মা গত মঙ্গলবার উপাধ্যক্ষের বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা করেছে।
আহত ওই ছাত্রীর নাম কাকলি আক্তার। সেশেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনার তিন দিন পরও সে সুস্থ হয়নি। অর্থাভাবে চিকিৎসা শেষ করতে না পেরে গত মঙ্গলবার তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন তার মা নাদিরা আক্তার। এরপর থেকে সে বাড়িতে শয্যাশায়ী।
কাকলির মা নাদিরা আক্তারের মামলা সম্পর্কে জানতে চাইলে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুজ্জামান বলেন, তিনি অভিযোগ তদন্ত করার জন্য গত মঙ্গলবার এলাকায় গিয়েছিলেন। কিন্তু উপাধ্যক্ষ হোসেন আহমেদকে মাদ্রাসা ও বাড়িতে পাননি।
ছাত্রীর মা নাদিরা অভিযোগ করেন, গত সোমবার নাশতা না করে সকাল ছয়টার দিকে সে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। সেখান থেকে সে মাদ্রাসায় যায়। দুটি ক্লাস করার পর সে প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে পড়ে। বেলা দেড়টার দিকে কাউকে না জানিয়ে সে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এতে মাদ্রাসার উপাধ্যক্ষ মো. হোসেন আহমেদ তার প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হন। উপাধ্যক্ষ প্রায় ২০০ গজ ধাওয়া করে সড়কে গিয়ে কাকলিকে বেত দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে তিনি তাঁকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে সড়কে ফেলে চলে যান। এ বিষয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘সড়কের ওপর ছাত্রীকে পেটালেন উপাধ্যক্ষ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
একই এলাকার বাবুল মিয়া বলেন, মেয়েটির পরিবার খুব গরিব। চিকিৎসার খরচ জোগাতে না পারায় পুরোপুরি সুস্থ না হওয়ার পরও মেয়েকে বাড়িতে নিয়ে আসা হয়। মেয়েটির মাথা, পিঠ ও কোমরে প্রচণ্ড ব্যথা আছে।
গত মঙ্গলবার পুলিশ এলাকায় গিয়ে উপাধ্যক্ষ মো. হোসেন আহমেদকে খুঁজে পায়নি। গতকাল বুধবার খোঁজ নিয়ে জানা যায়, উপাধ্যক্ষ মাদ্রাসায় যাননি। মারধরের ঘটনার পর গত সোমবার হোসেন আহমদ প্রথম আলোকে বলেছিলেন, প্রতিদিন মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী টিফিনের বিরতির সময় বাড়িতে চলে যায়। তিনি তাদের মাদ্রাসায় ধরে রাখার জন্য নানা চেষ্টা করেন। ওই ছাত্রীকে তিনি মারধর করেননি।