উপাধ্যক্ষের সনদ নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষক প্রশিক্ষণ কলেজের (টিচার্স ট্রেনিং কলেজ-টিটিসি) উপাধ্যক্ষ এহিয়া মাহমুদ সাদেকের বিএড ও এমএড ডিগ্রির সনদ নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি দাবি করেছেন, তাঁর এই সনদ আছে। কিন্তু টিটিসির অধ্যক্ষ স্বীকার করেছেন, উপাধ্যক্ষের কোনো সনদ প্রতিষ্ঠানে জমা দেওয়া নেই। এহিয়া সাদেক সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম অঞ্চলের শিক্ষক প্রশিক্ষণ বিষয়ের প্রধান পরীক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।সরকারি নীতিমালা অনুযায়ী, টিটিসিতে শিক্ষকতার ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর বিএড অথবা এমএড ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হয়। কিন্তু এহিয়া সাদেক এসব ডিগ্রি ছাড়াই টিটিসিতে যোগ দেন। টিটিসিতে যোগদানের পর তিনি দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও এমএড ডিগ্রি নিয়েছেন বলে দাবি করেছেন। তবে যে দুটি বিশ্ববিদ্যালয়ের স্থানীয় শাখা থেকে তিনি এসব ডিগ্রি নিয়েছেন বলে দাবি করেছেন, সেই দুটির কোনোটিরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নেই।টিটিসি সূত্রে জানা যায়, এহিয়া মাহমুদ ২০০৫ সালে গাছবাড়িয়া সরকারি কলেজ থেকে সহকারী অধ্যাপক হিসেবে বদলি হয়ে টিটিসি চট্টগ্রামে আসেন। এখানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে এবং গত বছর উপাধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান। কলেজে কর্মরত কর্মকর্তাদের তথ্য ছকে তিনি টিটিসিতে যোগদানের আগে বিএড ডিগ্রি নিয়েছেন বলে উল্লেখ করেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কম্পিউটার শাখায় পাঠানো ব্যক্তিগত তথ্যে ২০০৬ সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রাম শাখা থেকে বিএড এবং ২০০৮ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শাখা থেকে এমএড ডিগ্রি নিয়েছেন বলে উল্লেখ করেছেন।তথ্যের এই গরমিলের বিষয়ে জানতে চাইলে এহিয়া মাহমুদ সাদেক বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার চারদিকে শত্রু। আমি খুব অশান্তিতে আছি।’ এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) আশফাক সালেহীন প্রথম আলোকে বলেন, ‘এহিয়া সাদেকের বিরুদ্ধে আনা এসব অভিযোগ সত্য হলে তা শুধু অনৈতিকই নয়, আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কাউকে জাতীয় বিশ্ববিদ্যালয় কোন বিবেচনায় প্রধান পরীক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে, তা বোধগম্য নয়।’উপপরিচালক জানান, শূন্য পদ পূরণের জন্য সাধারণ কলেজ থেকে টিটিসিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে ওই শিক্ষককে অবশ্যই বিএড ডিগ্রিধারী হতে হবে। বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিএড ও এমএড ডিগ্রি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রশিক্ষণ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিতে হয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানকে হিসাবে নেওয়া হবে। তবে অনুমোদনহীন কোনো বিশ্ববিদ্যালয়ের সনদ গ্রহণীয় হবে না।চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ রূপেশ চন্দ্র চৌধুরী বলেন, এহিয়া সাদেকের এমএড ডিগ্রি নেই। কলেজে তাঁর ব্যক্তিগত নথিতে কোনো সনদের অনুলিপি নেই। তবে তিনি বলেন, ‘এহিয়া সাদেক এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিএড ডিগ্রি নিয়েছেন বলে শুনেছি।’ এহিয়া মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধান পরীক্ষক হিসেবে নিয়োগের বিষয়ে রূপেশ চন্দ্র চৌধুরী বলেন, ‘তিনি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এটি করেছেন। আমি কোনো অনুমতির কাগজে সই করিনি।’