উপানুষ্ঠানিক শিক্ষা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপানুষ্ঠানিক শিক্ষার জন্য বোর্ড গঠনের বিধান রেখে ‘উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান। তিনি বলেন, আইনটি বাস্তবায়ন করবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। তবে উপানুষ্ঠানিক শিক্ষার শিক্ষাক্রম তৈরি, মূলধারার শিক্ষার সঙ্গে এর সামঞ্জস্য রাখা-সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করবে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড। আইনটি হলেই এই বোর্ড প্রতিষ্ঠা করা হবে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হবেন বোর্ডের চেয়ারম্যান। কেউ উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করলে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে খসড়ায়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেসব শিশু মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত হওয়ার উপযুক্ত কিন্তু বিদ্যালয়ে যেতে পারছে না, তাদের জন্যই এ আইন করা হচ্ছে। অনেক দিন ধরেই আইনটির কাজ হচ্ছে। গত বছরের ৬ মে মন্ত্রিসভার বৈঠকে আইনটি নিয়ে আলোচনা হয়, তখন কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
গতকালের বৈঠকে কুয়েতের সঙ্গে স্বাক্ষরের জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই চুক্তি হলে বাংলাদেশের সামরিক জাদুঘর ও কুয়েতের লিবারেশন ওয়ার জাদুঘরের সঙ্গে তথ্য আদান-প্রদান, অভিজ্ঞতাবিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। এ ছাড়া বাংলাদেশের সামরিক জাদুঘরে কুয়েতের এবং তাদের লিবারেশন ওয়ার জাদুঘরে বাংলাদেশের একটি কর্নার বা ওয়ার্ড থাকবে।
বিমান চলাচলের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরের জন্য একটি চুক্তির খসড়াও বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ চুক্তি হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের বিমান চলাচল-সংক্রান্ত সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।’
মোশাররাফ হোসাইন বলেন, বৈঠকের শুরুতে মন্ত্রিসভা আইসিটি খাতে সাফল্যের জন্য বাংলাদেশের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ইন্টারন্যাশনাল সোসাইটি অ্যাওয়ার্ড লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে ও প্রধানমন্ত্রীর আইটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী৷