উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠনে বিল পাস
উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠনের লক্ষ্যে আজ মঙ্গলবার সংসদে বিল পাস হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ‘উপানুষ্ঠানিক শিক্ষা বিল-২০১৪’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিল–সম্পর্কিত সংশোধনী প্রস্তাব জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নাকচ হয়। বিলটি আইনে পরিণত হলে সরকার অন্যান্য শিক্ষা বোর্ডের মতো উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠন করবে।
বিলে বলা হয়েছে, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক পদাধিকার বলে এই বোর্ডের চেয়ারম্যান হবেন। উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার বয়সসীমা হবে ৮ থেকে ১৮, যারা কখনো স্কুলে যায়নি বা প্রাথমিক শিক্ষা শেষ করার আগে ঝরে পড়েছে তারা। উপানুষ্ঠানিক শিক্ষা আইন লঙ্ঘন করলে এবং এই আইন বাস্তবায়নে বাধা দিলে ছয় মাস বিনা শ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হবে।
বিলে আরও বলা হয়েছে, উপানুষ্ঠানিক শিক্ষার পাঠদানের মাধ্যম হবে বাংলা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে নিজস্ব ভাষায় পাঠ নিতে পারবে।