উপার্জনকারীকে হারিয়ে...
ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর গ্রামের ফাতেমা আক্তারের (৩৫) বাড়িতে দুদিন ধরে চলছে মাতম। সংসারের একমাত্র উপার্জনকারী ফাতেমার লাশ গত শুক্রবার সন্ধ্যায় পৌঁছানোর পর রাতেই তাঁকে দাফন করা হয়। ফাতেমা আক্তারের মা মহিতুন্নেছা (৬৮) জানান, উপজেলার সাদীপুর ইউনিয়নের ছোট সাদীপুর গ্রামে তাঁরা বসবাস করেন। বাড়িতে একমাত্র ঘরের ভিটা ছাড়া (৩ শতাংশ জমি) তাঁদের আর কিছুই নেই। চার বোন ও এক ভাইয়ের মধ্যে ফাতেমা ছিলেন বাবা-মায়ের তৃতীয় সন্তান। বড় দুই বোনের বিয়ে দেওয়ার পর ছোট ভাইবোনদের লেখাপড়ার খরচ ও সংসারের অর্থ উপার্জনের একমাত্র ব্যক্তি ছিলেন তিনি। যৌতুক দিতে না পারার কারণে ১০ বছর আগে স্বামী তাঁকে তালাক দেন। তাঁর কোনো সন্তান নেই। সংসারের কথা চিন্তা করে তিনি পরে আর বিয়ে করেননি বলে জানান তাঁর মা। রানা প্লাজা ধসের এক ঘণ্টা আগে মুঠোফোনে ফাতেমা তাঁর মা মহিতুন্নেছাকে জানান, ‘আমাদের কারখানার পিলার ভেঙে গেছে। মালিক চাকরিচ্যুত করার হুমকি দেওয়ায় কাজে যোগ দিয়েছি।’ ফোনে কথা বলার এক ঘণ্টা পরই তাঁর মা জানতে পারেন ভবনধসের ঘটনা। ছোট ভাই ইমু মিয়া সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠ থেকে ফাতেমার মৃতদেহ শনাক্ত করেন। ওই গ্রাম ও আশপাশের গ্রামের মানুষ ভিড় জমিয়েছেন ছোট সাদীপুর গ্রামের ফাতেমাদের বাড়িতে।