তিন বছরের রিয়াদ জানে, বাবা সোহেল মাতুব্বর আঙুর ফল কিনতে বাজারে গেছেন। কয়েক দিন পরেই ফিরে আসবেন। তবে ছয় বছরের মেয়ে সারা আক্তার সব বোঝে। শোকে পাথর হয়ে গেছে হাসিখুশি এই মেয়েটি। নির্বাক সোহেলের মা ও স্ত্রী।
বাবা-মায়ের একমাত্র সন্তান সোহেল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁর আয়েই চলত সংসার। উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে হঠাৎ দুর্যোগে পড়েছে পরিবারটি।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নে ২২ মার্চ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন বিজিবির ছোড়া গুলিতে নিহত পাঁচজনের বাড়িতে চলছে মাতম। স্বজনদের কান্না যেন থামছে না। নিহত পাঁচজনের মধ্যে চারজন ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি।
এ ঘটনায় গত বুধবার রাতে স্থানীয় থানায় পুলিশের দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ৩০০ জনকে আসামি করার পর উপজেলার ধানীসাফা ও বুড়িরচরের গ্রামবাসী এবং আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক দেখা দিয়েছে। গ্রাম ছেড়েছে কয়েক শ মানুষ।
ধানীসাফা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস তালুকদার গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা গ্রেপ্তার-আতঙ্কে রয়েছে। মামলা হওয়ার পর আমাদের ৭০০ থেকে ৮০০ কর্মী এলাকা ছেড়েছে। কোনো পুরুষ রাতে বাড়িতে ঘুমায় না। সন্ধ্যার পর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।’
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা হয়েছে। তাই বলে নিরীহ মানুষকে আমরা হয়রানি করব না। মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
গতকাল দুপুরে ধানীসাফা ইউনিয়নের বুড়িরচর গ্রামে নিহত দিনমজুর বেলাল মোল্লার বাড়িতে গিয়ে দেখা যায়, স্ত্রী সীমা আক্তার কান্নাকাটি করছেন। বাড়ির পুকুরপাড়ে বেলালের দুই শিশুসন্তান সিফাত (৬) ও ১৫ মাসের জুনায়েদকে নিয়ে কাঁদছিলেন চাচা কালাম মোল্লা। কালাম বলেন, ‘জুনায়েদ সারাক্ষণ বাবা বাবা বলে ডাকে।’ বেলালের স্ত্রী সীমা আক্তার বলেন, ‘আমার স্বামী দিনমজুর ছিলেন। তাঁর আয়ে সংসার চলত। এখন দুটি শিশুসন্তান ও বৃদ্ধ শাশুড়িকে নিয়ে কীভাবে আমি সংসার চালাব।’
একই গ্রামের সোহেল মাতুব্বর ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁর আয়ে সংসার চলত। উপার্জনক্ষম লোকটিকে হারিয়ে পথে বসেছে পরিবারটি।
পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের শাহাদাৎ হোসেন আওয়ামী লীগের সমর্থক ছিলেন। ঢাকায় চাকরি করতেন। ভোটের দিন সন্ধ্যায় বাড়ি থেকে চার কিলোমিটার দূরে মঠবাড়িয়ার সাফা মহাবিদ্যালয় কেন্দ্রে গিয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সঙ্গে। বিজিবির গুলিতে মারা যান তিনি। শাহাদাতের বাবা নেই। মা, স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে তাঁর সংসার। শাহাদাতের আয়ে চলত পুরো পরিবার।
একই গ্রামের কামরুল ইসলাম মৃধা ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। বাবা অসুস্থ থাকায় সংসারের পুরো দায়িত্ব কামরুলের ওপর। বাবা-মা, ছোট ভাই ও স্ত্রীকে নিয়ে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি। ভোটের দিন অটো চালিয়ে বাড়ি ফেরার সময় ভোটকেন্দ্রের সামনে মানুষের ভিড় দেখে তিনিও সেখানে দাঁড়ান। বিজিবির ছোড়া গুলিতে নিহত হন তিনি। কামরুলের স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
হরিণপালা গ্রামের পোনা নদীর সেতু পার হয়ে বুড়িরচর গ্রামে নিহত সোলায়মান তালুকদারের বাড়ি। ধানীসাফা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের স্ত্রী আঞ্জুমান আরা বেগম গতকাল সোলায়মানের মা রাহিমা বেগমকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কেঁদে ফেলেন। আঞ্জুমান আরা বেগম বলেন, ‘নিহত পাঁচজনের চারজন (সোলায়মান, সোহেল, বেলাল, কামরুল) তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় আমার ছাত্র ছিল।’
গতকাল দুপুরে এ ঘটনায় জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির প্রধান পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মানিকহার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কান্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন। মানিকহার রহমান প্রথম আলোকে বলেন, সাক্ষ্য গ্রহণ শেষে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।