উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে দিশেহারা চারটি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর আগে স্বামী নিরুদ্দেশ হওয়ার পর ঝিয়ের কাজ করে ছেলেকে বড় করেছেন; এরপর পাঠিয়েছেন বিদেশে। বিয়ের জন্য ছেলেকে সম্প্রতি দেশে ফেরত এনেছেন। আগামী শুক্রবার ছিল ছেলে মকবুল হোসেনের বিয়ে। কিন্তু সেপটিক ট্যাংক ছেলের জীবন কেড়ে নেওয়ায় মা মনোয়ারা বেগমের স্বপ্ন আর পূরণ হলো না।কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামে গতকাল সোমবার মকবুল হোসেনের (২৮) বাড়িতে গিয়ে দেখা যায় মাতম। ছেলে হারানোর শোকে মা বারবার মূর্ছা যাচ্ছেন। দেবীদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় রোববার নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে মকবুলসহ চারজনের মৃত্যু হয়। মৃত অন্যরা হলেন মিজানুর রহমান (৩০), হোসেন আলী (৩৫) ও সফিকুল ইসলাম (৩৫)।দেবীদ্বার গ্রামের রংমিস্ত্রি সফিকুলের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বামীকে হারিয়ে স্ত্রী লিপি আক্তার (২৪) মূর্ছা যাচ্ছেন। দুই শিশুসন্তান নিয়ে কী করবেন বলে বিলাপ করছিলেন তিনি।দেবীদ্বার থানা পুলিশ গতকাল মরদেহগুলো তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, স্থানীয় ব্যক্তিদের অনুরোধে সাধারণ ডায়েরি (জিডি) করে মরদেহগুলো ফেরত দেওয়া হয়েছে। পরে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ছিলাবাঞ্জার গ্রামের হোসেনের লাশ গ্রহণ করে তাঁর আত্মীয় ফজলু মিয়া বলেন, দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন হোসেন। স্বামীকে হারিয়ে তিন শিশুসন্তান নিয়ে বিপাকে পড়েছেন তাঁর স্ত্রী সামসু বিবি (৩০)। মৃত মিজানুরের বাড়িও বানিয়াচংয়ের একই এলাকায়। তিনিও ছিলেন অভাবগ্রস্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।উপজেলা সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ট্যাংকের সেন্টারিং খোলার আগে ম্যানহোলের ঢাকনা আট থেকে ১২ ঘণ্টা খোলা রাখতে হয়। ভেতরের জমে থাকা পানি নিষ্কাশনের পর সালফেট, অ্যামোনিয়া অথবা অক্সিজেনশূন্য অন্য কোনো বিষাক্ত গ্যাস আছে কি না, আগুন জ্বালিয়ে তা পরীক্ষা করে নিতে হয়। এসব না করায় বিষাক্ত গ্যাসের প্রতিক্রিয়ায় হতাহতের এ ঘটনা ঘটে থাকতে পারে।