উপেক্ষিত সাইকেলচালকেরা


একসময় ঢাকার রাস্তা ছিল ঘোড়ার গাড়ির দখলে। সে রাস্তাই চলে গেল দ্রুতগামী বাস আর মোটরগাড়ির দখলে। এ সময় একরকম নীরবেই ছিল সাইকেল। সম্প্রতি ঢাকার রাস্তায় হঠাত্ই সদর্পে আবির্ভাব হয়েছে সাইকেলের।
এখন অনেকেই নিয়মিত সাইকেল চালিয়ে স্কুল-কলেজ বা কর্মক্ষেত্রে যান। তাঁরা বলছেন, সাইকেলচালকদের প্রতি ট্রাফিক পুলিশ সহানুভূতিশীল। নিয়ম অনুযায়ী একটি সাইকেলকে তিন মিটার জায়গা ছেড়ে দেওয়ার কথা মোটরগাড়ির। সেটি ঢাকার রাস্তায় মানা হয় না। এ দেশের আইনেও কোথাও কিছু বলা নেই। সাইকেলারোহীরা পৃথক লেনের দাবি করছেন রাস্তায়। কিন্তু তাঁদের এ দাবি পূরণের কোনো আশ্বাস দিতে পারছে না সরকার। ফলে বিশ্বের অন্যতম দুর্ঘটনাবহুল এ নগরে সাইকেলচালকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

অথচ সেই ১৯৫৮ সালে ঢাকার জন্য প্রথম নগর পরিকল্পনায় অযান্ত্রিক যানবাহনের জন্য পৃথক পথের ব্যবস্থার কথা বলা হয়েছিল। ৫৬ বছর চলে গেলেও এখন আর সুখবরও দিতে পারছে না সরকার।
এ প্রসঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব এম এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় রাস্তার খুব অভাব। এখন আর তেমন কিছু করার নেই। তবে আমরা ঢাকা সিটি করপোরেশনকে অনুরোধ করেছি, যেখানে সুযোগ আছে, সেখানেই যেন সাইকেলারোহীরা গুরুত্ব পান।’
সাম্প্রতিক সময়ে ঢাকার রাস্তায় সাইকেলকে জনপ্রিয় করেছে যে তরুণদল, তাদের সংগঠন বিডিসাইক্লিস্টস। সংগঠনটির উদ্যোক্তা মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত সাইকেলচালকের নিরাপত্তা তাঁর নিজের হাতেই। তাই সাইকেলচালককেই সচেতন হতে হবে। বিডিসাইক্লিস্টসের সদস্যদের জন্য সাইকেল চালানোর সময় হেলমেট ও গ্লাভস পরা বাধ্যতামূলক। তিনি বলেন, দ্রুতগতির গাড়িগুলো রাস্তায় সাইকেলকে শুধু বাঁ-দিকে চাপতে চাপতে বিপদের মুখে ঠেলে দেয়।

নীতি আছে, কানুন নেই: পরিবেশ বিপর্যয়ের বিষয়টি যখনও খুব একটা আলোচিত হয়নি, তখনকার দলিলপত্রেও কিন্তু অযান্ত্রিক যানবাহনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা ছিল। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর মাদ্রাজের প্রশাসকের আমন্ত্রণে ভারতবর্ষে এসেছিলেন স্যার প্যাট্রিক গেড্ডেস। তিনি ঢাকার নগর পরিকল্পনা বিষয়ে একটি প্রতিবেদন লিখেছিলেন। ওই প্রতিবেদনে তিনি ভবিষ্যদ্বাণী করেন, অযান্ত্রিক স্বল্প ব্যয়সাধ্য পরিবহন জনগণের চাহিদা পূরণ করে আর বহুদিন করবে। ১৯৫৮ সালের আগস্টে ব্রিটিশ পরামর্শক সংস্থা মিনোপ্রিয়ো স্পেনসলি ও পি ডব্লিউ ম্যাকফারলেন ঢাকা নগরের জন্য চূড়ান্ত মহাপরিকল্পনা উপস্থাপন করে। সেখানে সাইকেল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও অযান্ত্রিক যানবাহনগুলোর জন্য পৃথক পথের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়।
নতুন করে একই কথা বলা হয়েছে জাতীয় সমন্বিত বহুমাধ্যমভিত্তিক পরিবহন নীতিমালা, ২০১৩-তে। ওই নীতিমালায় বাইসাইকেলসহ অযান্ত্রিক যানবাহন চলাচলের জন্য পৃথক লেনের ব্যবস্থা রাখার কথা বলা হচ্ছে। সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন রাস্তায় যেন সাইকেলারোহীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়, সেদিকটি তাঁরা দেখছেন।
গাজীপুর থেকে আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় উত্তরা শাহজালাল অ্যাভিনিউতে পাইলট প্রকল্পের নকশায় বাইসাইকেলের জন্য পৃথক লেন রাখা হয়েছে। এই নকশা সরকার অনুমোদন করেছে। খুব শিগগিরি এর বাস্তবায়ন হবে।

ঢাকা কি এড়াবে: বাংলাদেশে এখনো মোটরযান আভিজাত্যের প্রতীক হলেও বিশ্বের বহু অভিজাত নগর সাইকেলারোহীদের দখলে। বিশ্বের অন্যতম ধনী দেশ ডেনমার্ক (বার্ষিক মাথাপিছু আয় ৩২ হাজার ইউরো)। বর্তমানে ডেনমার্কে মোট যাতায়াতের ৩৬ ভাগ হয় সাইকেলে। দেশটি উদ্যোগ নিয়েছে, ২০১৫ সাল নাগাদ এ সংখ্যাকে ৫০ ভাগে উন্নীত করতে। পরিবেশ ও স্বাস্থ্যের উন্নয়নের জন্যই ডেনমার্কে সাইকেলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। স্পেনের বার্সেলোনায় সাইকেলকে জনপ্রিয় করতে শতাধিক সাইকেল স্টেশন আছে। কানাডা, লন্ডন, মেলবোর্ন এবং ওয়াশিংটনে এখন সাইকেল চালানোর উপযোগী পথ তৈরির কাজ চলছে। কলাম্বিয়ায় মোটরযান এখন ব্যবহার করছেন মাত্র ১৩ ভাগ মানুষ। সাইকেল-সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট থেকে এ সব তথ্য জানা গেছে।
ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ২০০৪ সাল থেকে সাইকেলকে জনপ্রিয় করার জন্য কাজ করে আসছে। এই সংগঠনটির যোগাযোগ বিশেষজ্ঞ মারুফ রহমান বলেন, বলা হচ্ছে, ঢাকা শহরে সাইকেলারোহীদের জন্য আলাদা লেন করার মতো যথেষ্ট রাস্তাঘাট নেই। কিন্তু নিউইয়র্কের মতো শহর নিজেদের প্রয়োজনে ৪০০ কিলোমিটার নেটওয়ার্ক তৈরি করেছে। সাইকেলারোহীদের জন্য আলাদা লেন করতে হলে নতুন করে শহর গড়ার প্রয়োজন নেই, পুনর্বিন্যাসের প্রয়োজন। তিনি বলেন, নেদারল্যান্ডসে জ্বালানিসংকট দেখা দেওয়ার পর দেশটি সাইকেলকে প্রাধান্য দিতে শুরু করে। বাংলাদেশেও জ্বালানিসংকট দেখা দিতে পারে। বিপদ এলে সতর্ক হওয়ার চেয়ে আগেভাগে ব্যবস্থা নিয়ে রাখা ভালো বলে তিনি মন্তব্য করেন।