উপড়ে ফেলা হলো ডাকাতের চোখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুরে টিটু সর্দার (৩২) নামের এক ব্যক্তির দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের ইব্রাহিম মুন্সির ডাঙ্গিগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই টিটুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক গুরুদাস শিকদার জানান, টিটুর দুই চোখ উপড়ে নেওয়া হলেও শরীরের অন্য কোথাও গুরুতর আঘাত করা হয়নি। শনিবার রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম গাজী দাবি করেন, একদল ডাকাত পদ্মা নদীতে জেলেদের নৌকায় ডাকাতি করতে এলে জেলেরা তিনজনকে ধরে ফেলেন। পরে ওই তিনজনকে ইব্রাহিম মুন্সির ডাঙ্গিগ্রামে আনা হয়। এ সময় আশপাশের কয়েকটি গ্রামের কয়েক শ লোক জড়ো হয়ে নন্দলালপুর গ্রামের টিটু সর্দারের দুই চোখ তুলে নেয়। অন্য দুজন নন্দলালপুর গ্রামের শাহ আলম (২৭) ও সোবহান পট্টদারডাঙ্গি গ্রামের নওয়াব মোল্যাকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।টিটু সর্দারের স্ত্রী হামিদা বেগমের দাবি, পূর্বশত্রুতার জের ধরে ইব্রাহিম মুন্সির ডাঙ্গিগ্রামের রহিম গাজী তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে ডেকে নিজ গ্রামে নিয়ে দুই চোখ তুলে নেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিশ্বাস জানান, প্রলয় মালো নামের এক জেলে টিটুসহ ৮-১০ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেছেন। অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম গাজী ও ছেলে জাহাঙ্গীর গাজীসহ আরও ৮-১০ জনকে আসামি করে মামলা করেছেন টিটুর স্ত্রী হামিদা বেগম। সদরপুরের ইউএনও খন্দকার ওয়ালিউর রহমান বলেন, ‘ডাকাত ধরে দুই চোখ তুলে নেওয়ার খবর আমি শুনেছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।’