উপড়ে ফেলা হলো বনের ১২ হাজার চারাগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশনে এক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বন বিভাগের জমি থেকে ১২ হাজার গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের বাঁশির দোন বিটে এ ঘটনা ঘটে।বন বিভাগের দাবি, বিটের ১৫ হেক্টর জমিতে চলতি মাসের মাঝামাঝি আকাশমনি ও রেইনট্রির চারাগুলো লাগানো হয়। বন কর্মকর্তাদের অভিযোগ, চেয়ারম্যান স্থানীয়দের দিয়ে সন্ত্রাসী কায়দায় এ ঘটনা ঘটিয়েছেন। তবে জাহানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দাবি, স্থানীয়দের বন্দোবস্ত পাওয়া জমিতে বনায়ন করায় কৃষকেরা এ কাণ্ড ঘটিয়েছেন।ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাঁশির দোন বনের বিট কর্মকর্তা আবদুল মান্নান বলেন, গত বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। গিয়ে দেখতে পান, ইউপি চেয়ারম্যান আলী আকবর ফরাজীর নেতৃত্বে ৩০০ থেকে ৪০০ লোক সদ্য বনায়ন করা গাছ তুলে ফেলছে। চারাগুলো দুমড়ে-মুচড়ে নদীতে ফেলে দেওয়া হয়। এমনকি বনায়নের জন্য গড়া মাটির ঢিবিগুলোও গুঁড়িয়ে দেয় তারা। বিষয়টি রেঞ্জারকে জানাতে তিনি মুঠোফোন হাতে নেন। তখন একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁকে ঘিরে ধরে। সকাল ১০টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে বিষয়টি তিনি রেঞ্জারকে জানান।নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগ করেন, চেয়ারম্যান ভূমি দস্যুদের কাছ থেকে টাকা নিয়ে বন বিভাগের জমি দখল নিয়ে দিয়েছেন।চরফ্যাশন উপজেলার রেঞ্জার গোলাম মাওলা জানান, ১৯৮৩-৮৪ সাল থেকে বাঁশির দোন বিটে বনায়ন শুরু হয়। ইতিমধ্যে ১৯০ হেক্টর জমিতে সংরক্ষিত বন করা হয়েছে। একদল ভূমিদস্যু প্রায় ৭০ হেক্টর জমির বন কেটে দখল করে ফেলেছে। এ নিয়ে মামলা চলছে। গত ২৮ নভেম্বর ভূমি দস্যুরা প্রায় পাঁচ হাজার গাছ কেটে নদীতে ফেলে দেয়। সেই বিরোধ নিরসনে গত ২৭ ডিসেম্বর বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কৃষক ও বন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এতে জাহানপুর মৌজার বাঁশির দোন বিটে ৬৫ হেক্টর জমিতে ঢিবি করে বাগান সৃজনের নির্দেশ দেন তাঁরা। ১৬ জানুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জাহানপুর ইউপির চেয়ারম্যান আলী আকবর ফরাজী, চর মাদ্রাজ ইউপির চেয়ারম্যান জসিম সরমান ঘটনাস্থল পরিদর্শন করে ১৫ হেক্টর জমি বনায়নের জন্য নির্ধারণ করে দেন। পরে একটি প্রকল্পের আওতায় ১৫ হেক্টর জমিতে ১২ হাজার আকাশমনি ও রেইনট্রির চারা লাগানো হয়।বন বিভাগের জমি পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান নুরুল ইসলাম গত শুক্রবার প্রথম আলোকে বলেন, চারা গাছগুলো তুলে ফেলার খবরটি তাঁর জানা নেই।জাহানপুর ইউপির চেয়ারম্যান আলী আকবর ফরাজী দাবি করেন, এখানে কোনো গাছ লাগানো হয়নি। কৃষকের বন্দোবস্ত পাওয়া জমিতে বন বিভাগ কিছু ঢিবি বানিয়েছিল। কৃষকেরা সেই ঢিবিগুলো ভেঙে দিয়েছেন। এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, বিট কর্মকর্তাকে একাধিকবার কৃষকের জমিতে বনায়ন করতে নিষেধ করা হয়েছে। কিন্তু তাঁরা সে নিষেধ উপেক্ষা করে বনায়ন করেছেন।চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম বলেন, তাঁরা যখন গাছ কাটার খবর পেয়েছেন, তখন সন্ত্রাসীরা চলে গেছে। এ জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়নি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তিনি আরও বলেন, যে জমিতে বনায়ন করা হয়েছিল, সে জমি বন বিভাগেরই। তবে অতীতে কেউ এ জমি বন্দোবস্ত দিয়েছে কি না তা কাগজপত্র না দেখে বলা যাবে না।