উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সরকার ও বিরোধী দল উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। গতকাল শনিবার দূতাবাসের তথ্য কর্মকর্তা প্যাট্রিসিয়া হিল এক বিবৃতিতে বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে সৃষ্ট ঘটনাবলি ও বিরোধী দলের রোববারের ডাকা হরতালসহ সার্বিক বিষয় তাঁরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। প্যাট্রিসিয়া হিল বলেন, ‘আমরা আশা করছি আলাপ-আলোচনা ও প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষটির সুরাহা হবে। বাংলাদেশকে অনেক গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের কল্যাণে সরকার ও বিরোধী দলের একযোগে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি।