উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকায় পাশের বাড়ির ছাদে লোহার টুকরা পড়া এবং এর জের ধরে ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সোমবার বিকেলে নগরের নাসিরাবাদে আরাফ হসপিটাল নামের নির্মাণাধীন ভবনের ১৪ তলার ছাদ থেকে লোহার টুকরা পাশের ভবনের ছাদে গিয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে পাশের ভবনের মালিক মোস্তাফিজুর রহমান ফাঁকা গুলি ছোড়েন। তবে এতে কেউ হতাহত হয়নি। নির্মাণাধীন ভবনের মালিক ইমতিয়াজ হাবিব বলেন, ‘আমার পক্ষে নির্মাণকাজে নিয়োজিত প্রকৌশলী আসাদুজ্জামান নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে এ ঘটনায় পুলিশ তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।’থানায় করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে। উভয়েই নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছে। আমরা পুরো ঘটনা তদন্ত করে দেখছি। পরে ব্যবস্থা নেওয়া হবে।’