উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসের সুবর্ণজয়ন্তী উদযাপিত
সিলেট নগরের চালিবন্দর এলাকার ঐতিহ্যবাহী উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় ছাত্রাবাসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ উৎসব শুরু হয়।সুবর্ণজয়ন্তী উৎসবে ছাত্রাবাসের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। সকাল ১০টায় ছাত্রাবাস থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ১১টায় ছাত্রাবাসে সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক সুষেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও বিজয়কৃষ্ণ বিশ্বাসের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুলসী কুমার দাস। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উমেশচন্দ্র দাসের মেয়ে সবিতা দাস ও পীযূষ কান্তি দাস।ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা প্রয়াত নিকুঞ্জবিহারী গোস্বামী ও দেশব্রতী সুহাসিনী দাস পরিচালিত উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। উনসত্তরের গণ-অভুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, সিলেটের প্রাচীন জনশক্তি পত্রিকা (অধুনালুপ্ত) প্রকাশসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সংগ্রামীদের সূতিকাগার ছিল এ প্রতিষ্ঠান।