উম্মেহানী খানমের ইন্তেকাল
বিশিষ্ট নারীনেত্রী ও সমাজসেবক উম্মেহানী খানম গতকাল সোমবার বেলা ১১টায় বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। উম্মেহানী খানম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাজনীন সুলতানার মা। তিনি এক ছেলে, সাত মেয়ে ও অনেক শুভানুধ্যায়ী রেখে গেছেন। গতকাল রাতে সাভারে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।উম্মেহানী খানম একাত্তরে মুক্তিযোদ্ধাদের জন্য আশ্রয়, চিকিৎসা ও ওষুধ-পথ্যের ব্যবস্থা করেন। স্বাধীনতা-উত্তরকালে কমিউনিস্ট পার্টির দেশ গঠনের কাজে পরিবারের সব সদস্য নিয়ে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির সভাপতি, পরে মহিলা পরিষদ পরিচালিত ‘রোকেয়া সদনের’ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন।উম্মেহানী খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।গতকাল নয়াপল্টনে নিজ বাসায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদের মধ্যে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ।