উর্দুর নির্বাচিত সেই তিনজনের দুজন বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগের জন্য যে তিনজনকে নির্বাচিত করা হয়েছিল, তাঁদের মধ্যে দুজনকে বাদ দেওয়া হয়েছে। যোগ্য বিবেচনায় একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাদ পড়া প্রার্থীরা হলেন ছায়েবা জেরিন ও মো. মাসুম শেখ। চূড়ান্ত নিয়োগ পেয়েছেন হাফসা আক্তার।

গতকালই উর্দু বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘অযোগ্যরা নির্বাচিত, যোগ্যরা বাদ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম তুলে ধরা হয়।
অযোগ্যরা নির্বাচিত, যোগ্যরা বাদ

এদিকে নিয়োগ বঞ্চিত প্রার্থীরা দাবি করছেন, যোগ্যতার বিচারে হাফসা আক্তারের চেয়েও যোগ্য প্রার্থী ছিলেন। জ্যেষ্ঠতার বিচারেও হাফসা আক্তারের চেয়ে এগিয়ে আছেন অনেকে। কিন্তু এরপরও তাঁরা বাদ পড়েছেন।

বিভাগের সাবেক চেয়ারম্যান এবং নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে-সংশ্লিষ্ট অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, ‘এখন যোগ্য প্রার্থীকেই চূড়ান্ত করা হয়েছে, এটি একটি শুভ দিক।’

এদিকে হাফসা আক্তারের এসএসসি/সমমান পরীক্ষায় মোট প্রাপ্ত জিপিএ ৪.২৫ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ছিল ৪.৭০। তবে চতুর্থ বিষয় বাদে তাঁর জিপিএ যথাক্রমে ৩.৮৮ ও ৪.১০। বঞ্চিত প্রার্থীরা বলছেন, তাঁদের অনেককেই বলা হয়েছে, চতুর্থ বিষয় বাদে যে নম্বর তা-ই বিবেচনা করা হবে। এ ছাড়া চতুর্থ বিষয় বাদে বঞ্চিত প্রার্থীদের অনেকেরই এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৪.২৫ আছে। কিন্তু তাঁদের মৌখিক পরীক্ষাতেও ডাকা হয়নি। ফলে বঞ্চিতদের অনেকের মধ্যে ক্ষোভ রয়েই গেছে।