বায়ান্নর ভাষা আন্দোলনকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখেছে, তার প্রমাণ মেলে ওই সময়ের কিছু গোপন দলিলে। এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ

খাজা নাজিমউদ্দিনের সেই বিতর্কিত উক্তি ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ জনগণের মধ্যে কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, সে সম্পর্কে ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি ওয়াশিংটনে একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন ঢাকার মার্কিন কনসাল জন ডব্লিউ বাউলিং। তাঁর এই প্রতিবেদনে বায়ান্নর জানুয়ারির শেষ সপ্তাহটির অর্থনীতি, রাজনীতি এবং বিদেশি রাষ্ট্রের প্রতি রাজনীতিকদের মনোভাবের একটি চিত্র আঁকা আছে।
আড়াই পৃষ্ঠার প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, প্রধানমন্ত্রী গত ২৭ জানুয়ারি ঢাকায় এক জনসভায় স্পষ্টভাবে বলেছেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাঁর এ বক্তব্যে ঢাকার অধিকাংশ শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বিতর্কের ঝড় উঠেছে। ভাষণটি তার বিষয়বস্তু ও ধরন উভয় দিক থেকে দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী যে শুধু তাঁর বাঙালি শ্রোতামণ্ডলীর সামনে উর্দুর লাল ঝান্ডা উড়িয়েছেন শুধু তা-ই নয়, একই সঙ্গে লিয়াকত আলী খান সর্বদাই যে ধরনের সহজ ‘রাজপথের’ ভাষা ব্যবহার করেছেন, তা এড়িয়ে তিনি ফার্সিজাত কষ্টবোধ্য উর্দুর মিশেল দিয়ে ভাষণ দিয়েছেন।
লক্ষণীয় যে মার্কিন কনসাল এ পর্যায়ে টিপ্পনি কাটেন, প্রধানমন্ত্রীর এ রকম ধারার ভাষণ দেওয়ার কোনো বাস্তবসম্মত কারণ অনুমান করতে ঢাকার মার্কিন কনস্যুলেট অসমর্থ। বাউলিং উল্লেখ করেন, এটা স্বাভাবিক যে তাঁর জনসভায় উপস্থিত ব্যক্তিদের অন্তত অর্ধেকের কম হবে না, উর্দু সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই। এবং এক-তৃতীয়াংশের বেশি হবে না, যাঁরা প্রধানমন্ত্রীর আড়ম্বরপূর্ণ ভাষা, যা উচ্চারণে তিনি বাঙালি উচ্চারণভঙ্গিই ব্যবহার করেছিলেন, তাঁরা তা বুঝতে পেরেছিলেন। তিনি অবশ্য ভিত্তিহীনভাবে উল্লেখ করেন যে বাংলা লিখতে আরবি হস্তলিপির পরিবর্তে সাধারণ হস্তলিপি শিগগিরই প্রচলন করা হবে। স্থানীয় রাজনীতিবিদেরা তাঁর অমন ভাষণ সম্পর্কে যাঁদের পূর্ব অভিজ্ঞতা ছিল না, তাঁরা মর্মাহত হয়েছেন। এবং প্রায় ১৫ হাজার বাঙালি এ জন্য তাঁর প্রতি বেশ বৈরীভাব দেখাতে উদগ্রীব হন। এবং তাঁঁরা তাঁর ভাষণের প্রতি কোনো ধরনের উৎসাহ দেখাননি। প্রধানমন্ত্রীর ভাষণে সোহরাওয়ার্দীর ওপর বেশ কটূভাষায় রাজনৈতিক আক্রমণ ছিল, যা নিশ্চয়ই আওয়ামী লীগের মর্যাদায় আঘাত হানবে।
বাউলিং আরও মন্তব্য করেন, ওই ভাষণের প্রতিক্রিয়া ছিল একেবারেই প্রত্যাশিত। স্থানীয় সংবাদপত্র ভাষা ইস্যুতে সপ্তাহজুড়ে ঝাঁপিয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় এবং অন্য কলেজগুলোর ছাত্র সংগঠন ১০ দিনের ধর্মঘটে যোগ দেয়। এবং পথচারীদের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে বিরাট মিছিল বের হয় এবং বামপন্থীদের পৃষ্ঠপোষকতায় ‘সর্বদলীয়’ সভা ডাকা হয়। প্রাদেশিক আওয়ামী লীগ-প্রধান ভাসানী এতে সভাপতিত্ব করেন। এর প্রতি সাধারণভাবে আওয়ামী-লীগপন্থী বুদ্ধিজীবীরা সমর্থন দেন। ঢাকায় ৪ ফেব্রুয়ারি ধর্মঘট ডাকা হয়েছে। সম্ভবত সেটা সফলও হবে।