উর্বর মাঠে বীজ বোনা: যে শিক্ষা বাংলাদেশের কাজে লাগবে (প্রথম অংশের পর)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম অংশের পর:

এম শমশের আলী: অনেক অনুষ্ঠানে যাই। এত প্রাসঙ্গিক শিরোনাম চোখে পড়ে না। কেবল প্রাথমিক কেন, যেকোনো স্তরের শিক্ষায় মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষকদের ভালো বেতন থাকা উচিত। কিন্তু আমি নিশ্চিত না যে বেতন বাড়ালেই ভালো পড়ানো নিশ্চিত হবে। ভারতে সবাইকে ভর্তি করা হয়। তারা কোথায় পড়বে, সেটা ঠিক হয় মেধার ভিত্তিতে।
আমাদের দেশেও এ পদ্ধতি থাকা উচিত। একজন ভালো শিক্ষক বটগাছতলায় দাঁড়িয়ে ভালো লেকচার দেন, তাহলে সেটা এয়ারকন্ডিশন রুমের থেকেও ভালো হতে পারে। কেবল শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র থাকলে হবে না। এর সঙ্গে প্রযুক্তি ব্যবহার করতে হবে। মডিউলস তৈরি করতে হবে। মডিউলগুলো ক্লাসরুমে দেখাতে হবে। তাহলে শিক্ষক-শিক্ষার্থী সবাই উপকৃত হবে। মান হলো, একজন শিক্ষার্থী একজন তরুণ বা তরুণীর চোখে চোখ রেখে কথা বলতে পারছে কি না। পারলে, সে একটা মানে পৌঁছেছে ধরা যাবে। শিক্ষার্থী যা শিখেছে, তা জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারছে কি না। পারলেই বলা যাবে যে শিক্ষা কাজে লাগে। শিক্ষার কোনো মান নেই, যদি সে প্রয়োগ করতে না পারে।

মোহাম্মদ মোহসিন: প্রথমেই একজন শিক্ষার্থীকে শেখাতে হবে, কী করে শিখতে হয়। মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিশুরও প্রয়োজন। আর এ জন্য প্রয়োজন প্রাক-প্রাথমিক শিক্ষায় বেশি বিনিয়োগ। শিক্ষাপদ্ধতিতে দুর্বলতা রয়েছে। কারণ, অভিভাবকেরা জানছেন না তাঁদের সন্তান কী শিখছে। ক্লাসে কী হচ্ছে না-হচ্ছে। একজন শিক্ষকের ভুল শিক্ষার জন্য শিক্ষার্থীরা পঙ্গু হচ্ছে।
এ জায়গায় শিক্ষকের কোনো দায়দ্ধতা নেই। নেই কোনো জবাবদিহি। শিক্ষকের দায়বদ্ধতার জায়গা নিশ্চিত করা প্রয়োজন। কোনো শিক্ষক অঙ্কে কাঁচা। কেউ ইংরেজিতে কাঁচা। কেউ হয়তো বাংলায় কাঁচা। এসব সমস্যা শিক্ষকদের মধ্যে আছে। সবকিছু কেন্দ্রীভূত না করে স্থানীয়ভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে ভাবতে হবে। প্রত্যেক শিশু তখনই শিখবে, যখন তার প্রোফাইল মেনটেইন করা হবে। তার শিক্ষা মূল্যায়ন করা হবে। শিক্ষা তদারকির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।

সুব্রত শংকর ধর: বিভিন্ন দেশের অভিজ্ঞতা, গবেষণা ইত্যাদির ভিত্তিতে বিশ্বব্যাংক এ প্রতিবেদন করেছে। বংলাদেশ সব ক্ষেত্রে তার নিজস্ব পদ্ধতি প্রয়োগ করবে। আজকের আলোচনায় অনেক সুপারিশ, পরামর্শ এসেছে। এটা সরকারের নীতি ও পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে। তথ্য-উপাত্ত সংগ্রহের বিষয়ে কাজ হচ্ছে। কিন্তু তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে নীতি প্রণয়ন হচ্ছে না।
বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে জরিপ ও শিক্ষার মূল্যায়ন আছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। প্রাথমিক ও মাধ্যমিকে যতটুকু শেখার কথা, ততটুকু হচ্ছে না। ঢাকা, চট্টগ্রামে যতটুকু শিখছে, রাজশাহী ও সিলেটে ততটুকু শিখছে না। স্কুলের ওপর নির্ভর করে শিশু কতটুকু শিখবে বা শিখবে না। সব বিশ্লেষণ করলে আমরা অনেক তথ্য পাব। এসব তথ্য নীতি ও পরিকল্পনা প্রণয়নে সাহায্য করবে।

শ্যামল কান্তি ঘোষ: ২০০৬ সালের শিক্ষার মান থেকে ২০১৩ সালে যথেষ্ট এগিয়েছি। ২০০৮ সালে প্রাইমারি সমাপনী পরীক্ষার মানের চেয়ে ২০১১ সালে সমাপনী পরীক্ষার মান অনেক ভালো। থ্রি থেকে ফাইভ পর্যন্ত কন্টাক্ট আওয়ারস ৯৬০ ঘণ্টা। ক্লাস ওয়ান-টুর ক্ষেত্রে ৬০২ ঘণ্টা। অন্য ক্ষেত্রে ৮৪৪ ঘণ্টা কন্টাক্ট আওয়ারস। আমাদের উর্বর ক্ষেত্র আছে। এখন কাজ করতে হবে। এখানে প্রতিটি শিশুকে শিখতে হবে। প্রাক-প্রাথমিকে ভালো শিক্ষা দিতে হবে। প্রযুক্তি প্রয়োগ করতে হবে। প্রাক-প্রাথমিকের ক্ষেত্রে অনেক বাধা এসেছে। এখন সবাই ভালো বলছে।
এই ভালোটা যেন টিকে থাকে। কোথায় কী হচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। দেখতে পাওয়ার জন্যই শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিতে পারছি। কোয়ালিটি টিচার, কোয়ালিটি ক্যারিকুলাম যদি না থকে, শিক্ষার্থীর পেটে ভাত না থাকে, ঘরে বাতি না থাকে, শ্রেণীকক্ষে মনোনিবেশ না করতে পারে, শরীর সুস্থ না থাকে—তাহলে কীভাবে শিক্ষার মান বাড়বে। সব কাজ তো স্কুল করতে পারবে না। এসব সমস্যা দূর করতে হবে। অল্প সময়ে আমাদের শিশুরা বিদেশি ভাষা হিসেবে ইংরেজি যতটুকু শেখে, সেটাকে খারাপ বলি না। সরকারসহ সংশ্লিষ্ট সবাই শিক্ষার জন্য কাজ করছে। নিকট ভবিষ্যতে এর ফল পাওয়া যাবে। গত পাঁচ বছরে ঝরে পড়া শিক্ষার্থীর হার ৫০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। এটা কি কোনো অর্জন নয়? বারবার পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন নেই। একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এদের যেতে দিতে হবে। সব ক্ষেত্রে সমালোচনা করলে ভালো ফল পাওয়া যাবে না। উৎসাহ দিতে হবে।

মোস্তাফিজুর রহমান: প্রাথমিক শিক্ষার দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে। তা না হলে উচ্চশিক্ষার ক্ষেত্রে ফাঁকিতে পড়ব। শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, অবকাঠামো আছে। আগের স্কুল আর এখনকার স্কুলের মধ্যে অনেক পার্থক্য। কিন্তু একটা প্রশ্ন ঘুরেফিরে আসছে। আমি, মহাপরিচালক, পরিদর্শক, শিক্ষক অন্য যাঁরা শিক্ষাক্ষেত্রে সংশ্লিষ্ট আছেন, কেউ এর দায় এড়াতে পারি না। সবচেয়ে বড় কথা, আমার বিবেক আমাকে দায়বদ্ধ করে।
শিক্ষার ক্ষেত্রে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করছি। কিন্তু তার ফল কি পাচ্ছি? এটা সবাইকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। চারদিকে শিক্ষার মানের কথা শুনছি। আমি আমার বাচ্চাকে শিখিয়েছি। যে যেভাবে পারে কিছু না কিছু শেখায়। ক্লাসে যাতে প্রতিটি শিশু শেখে, এমন একটা মডিউল তৈরি করতে হবে। এ মডিউল শিক্ষকেরা দেখবেন এবং সেভাবে পড়াবেন। কোনো একসময় বাংলাদেশের কিছুই ছিল না। কেবল খাবারের অভাবের জন্য অনেক কষ্ট করেছি। আজকে দেশের সবই আছে। এখন বিশ্বব্যাংকসহ অন্যরা আছে। ধরে নিতে হবে একসময় কেউ থাকবে না। আমাদেরই মানসম্মত শিক্ষার আধুনিক উপায় বের করতে হবে।
অনেক স্কুলে গিয়েছি। সবার মধ্যে একটা দরদের অভাব, নিজের মতো করে ভাবার অভাব লক্ষ করেছি। দৃষ্টিনন্দন সব স্কুল আছে। শিক্ষার্থী আছে। কিন্তু ভালো শিক্ষার অভাব রয়েছে। গরিব মানুষ। ২০ মাইল দূরে যাচ্ছেন। মাসে তিন হাজার টাকা খরচ করে বাচ্চাকে পড়াচ্ছেন। অথচ পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়েছি। বাড়ির পাশে সরকারি স্কুল। সেখানে কেউ পড়াতে চায় না। এটা খুবই দুঃখজনক।
সব মানুষ এখন মানসম্মত শিক্ষা আশা করছে। আমরাও সে লক্ষ্যে কাজ করছি। যাকে যেভাবে কাজে লাগানো যায়, সেভাবে কাজ করে আমরা মানসম্মত শিক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে চাই। সারা বিশ্ব বলছে, আমরা এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়াটা যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে না হয়। সব সক্ষমতা নিয়ে যেন বীরদর্পে এগিয়ে যেতে পারি।

মনজুর আহমদ: প্রাথমিক শিক্ষা পর্যায়ে প্রায় চার লাখ শিক্ষক আছেন। শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ১৭ লাখ। মোট শিক্ষাঘণ্টা, শিক্ষক, শিক্ষার্থী—সবকিছু মিলিয়ে যে অবস্থা, তাতে মানসম্মত শিক্ষা কিছুটা দুরূহ। অল্প সময়ের মধ্যে শতকরা ৫০ ভাগ শিক্ষক বাড়াতে হবে। শিক্ষাঘণ্টা বাড়াতে হবে। তা না হলে কেবল কৌশল খুব বেশি কাজে আসবে না। শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়াতে হবে।
কিন্তু ২০১০ সালের শিক্ষানীতির পর থেকে শিক্ষাক্ষেত্রে আনুপাতিক হারে বাজেট কমে আসছে। এখন হয়তো অষ্টম শ্রেণী পর্যন্ত একটা স্তর হবে। এরপর দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটা স্তর। স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষার জন্য আলাদা আলাদা মন্ত্রণালয় থাকা প্রয়োজন। স্কুলের অনেক সমস্যা একটা মন্ত্রণালয়ের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। একটা স্থায়ী শিক্ষা কমিশন করে শিক্ষানীতিকে বাস্তবায়ন করতে হবে।

আব্দুল কাইয়ুম: শিক্ষায় সুযোগ, অবকাঠামো বেড়েছে। কিন্তু কাঙ্ক্ষিত মান অর্জিত হয়নি। এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে। আলোচনায় মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে পরামর্শ ও দিকনির্দেশনা এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগুলো কাজে লাগাতে হবে। আশা করছি, আগামী দিনগুলোতে শিক্ষার মান বৃদ্ধি পাবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।


যাঁরা অংশ নিলেন

মোস্তাফিজুর রহমান : মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
মো. রফিকুজ্জামান : যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়
কাজী সালেহ আহমেদ : সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
এম শমশের আলী : সভাপতি ও প্রধান নির্বাহী, এডুকেশনাল
কোয়ালিটি অ্যাসুরেন্স ফাউন্ডেশন
শ্যামল কান্তি ঘোষ : মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
চৌধুরী মুফাদ আহমেদ : যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক
স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্ট, শিক্ষা মন্ত্রণালয়
মনজুর আহমদ : সিনিয়র অ্যাডভাইজার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
সামসে আরা হাসান : প্রধান, শিক্ষা কর্মসূচি, গণসাহায্য সংস্থা
ম. হাবিবুর রহমান : শিক্ষা উপদেষ্টা, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল
ফারাহ্ কবির : কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশনএইড বাংলাদেশ
কাজী ফারুক আহমেদ : প্রধান সমন্বয়কারী, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট
সুব্রত শংকর ধর : জ্যেষ্ঠ কর্মকর্তা, শিক্ষা, বিশ্বব্যাংক
মোহাম্মদ মোহসিন : ব্যবস্থাপক, শিক্ষা, ইউনিসেফ, বাংলাদেশ
জেম্স জেনিংস : আঞ্চলিক শিক্ষা উপদেষ্টা, অস্ট্রেলিয়ান হাইকমিশন, অস্ট্রেলিয়ান এজেন্সি ফর
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট
সঞ্চালক
রাশেদা কে চৌধূরী, নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান 

আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলো