৩ এপ্রিল ২০১৪, প্রথম আলো ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে ‘উর্বর মাঠে বীজ বোনা: যে শিক্ষা বাংলাদেশের কাজে লাগবে’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।
উর্বর মাঠে বীজ বোনা: যে শিক্ষা বাংলাদেশের কাজে লাগবে

মাধ্যমিক পর্যায়ে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ দরকার।
প্রত্যেকটি শিশুকে ক্লাসেই শিখতে হবে। সে লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।
শিক্ষকের সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের উপযোগী মানসম্মত শিক্ষার সংজ্ঞায়ন প্রয়োজন।
মূলধারার বাইরের শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য বেশি বিনিয়োগ দরকার।
সবকিছু কেন্দ্রীভূত না করে স্থানীয়ভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে ভাবতে হবে।
স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষার জন্য পৃথক মন্ত্রণালয় থাকা প্রয়োজন।
আলোচনা
আব্দুল কাইয়ুম: দেশে শিক্ষার উর্বর ক্ষেত্র রয়েছে। শিক্ষাব্যবস্থা যুগোপযোগী হতে হবে। যাতে শিক্ষা মানুষের কাজে লাগে। শিক্ষাক্ষেত্রে উন্নতি হয়েছে। তবে শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকতে পারে। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, ৪৭ শতাংশ স্নাতক বেকার। গরিব, প্রতিবন্ধীসহ সবার শিক্ষার অধিকার, সুযোগ, সমতার বিষয়গুলো আলোচনায় আসবে। এখন আলোচনা করবেন রাশেদা কে চৌধূরী।
রাশেদা কে চৌধূরী: প্রাথমিক শিক্ষাসহ শিক্ষার সার্বিক মান নিয়ে আজকের আলোচনা। শিক্ষার অগ্রগতির কথা সবাই জানি। এখানে সরকারের সদিচ্ছা আছে। সামাজিক উদ্যোগ আছে। সবাই একসঙ্গে কাজ করছে। আবার শিক্ষার সঙ্গে সংশ্লিষ ব্যক্তিদের বলতে শুনি, ‘বাচ্চারা ঠিকমতো পড়তেই পারে না।’ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ক্ষেত্রে শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। জিপিএ-৫ পাওয়ার পরও শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে না। প্রাথমিকে ঝরে পড়া নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। মাধ্যমিকে দক্ষতা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। আরও বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে। খুব দ্রুত হয়তো এ সমস্যার উত্তরণ সম্ভব হবে না। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অন্যান্য সবাই মিলে কাজ করলে নিশ্চয়ই আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারব। শিক্ষা নিয়ে বিশ্বব্যাংক প্রতিবেদন করেছে। এ প্রতিবেদনে স্কুলে ভর্তির হার, শিক্ষার মান, সমতা, দক্ষতা ইত্যাদি বিষয় এসেছে। কিন্তু আমাদের নিজেদের দিক থেকে কী করণীয়? সে বিষয় পরামর্শ ও দিকনির্দেশনার জন্য আজকের এ আলোচনা। বিনা মূল্যে বই দেওয়া হচ্ছে। কিন্তু শ্রেণীকক্ষে শিশুদের উপযোগী বিভিন্ন ধরনের বই রাখার কাজটি এখনো করা হয়নি। শ্রেণীকক্ষে বই থাকলে বাচ্চারা বই ধরবে। বই পড়বে। শ্রেণীকক্ষে বই রাখার বিষয়টি ভাবতে হবে। কেবল সরকারকে দায়ী করলে হবে না। আমাদের দায়িত্ব কতটুকু পালন করছি? সেটা ভাবতে হবে।
ফারাহ্ কবির: কয়েক দিন আগে দুবাইয়ে ছিলাম। একজন ইমাম, যিনি একটি ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা। উনাকে মেয়েদের শিক্ষা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তর দেওয়ার আগে বললেন, ‘শিক্ষা হলো অক্সিজেন।’ তাঁর কথাতেই বোঝা যায় শিক্ষার গুরুত্ব কতখানি। শিক্ষার মাধ্যমে পরিপূর্ণ মানুষ হওয়াটা প্রধান কথা। তাহলে চাকরিসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে। বাচ্চারা গোল্ডেন ফাইভ পাচ্ছে। কিন্তু নিজের মতো করে কিছু একটা লিখতে পারছে না। একদিন এরা আমাদের প্রশ্ন করবে, তাদের কী শেখানো হয়েছে। আমাদের দেশের মানুষ লেখাপড়া করতে পারছে। চারজন শিক্ষক ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীকে ধরে রেখেছে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষায় বিনিয়োগ দরকার। প্রাথমিক পর্যায়কেও গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষা শেষে একজন শিক্ষার্থী পড়তে পারছে না। অঙ্ক করতে পারছে না। কেবল অংশগ্রহণ করলে হবে না। কিছু তো শিখতে হবে? না কি কেবল সার্টিফিকেট নিয়ে চাকরির জন্য শিক্ষা নিচ্ছি।
চৌধুরী মুফাদ আহমেদ: বিশ্বব্যাংকের প্রতিবেদনে অনেক এলাকার শিক্ষার চিত্র আছে। প্রাথমিক শিক্ষার একটা মূল্যায়ন হয়েছে। এ ক্ষেত্রে ২৫ ও ৩৩ শতাংশ শিক্ষার্থী যথাক্রমে বাংলায় ও ইংরেজিতে মানসম্মত দক্ষতা অর্জন করেছে। এ তথ্য আমাদের অবাক করেনি। এ যাবৎ চারবারের মূল্যায়নে প্রায় এমনই হয়েছে। তবে এটা শিক্ষার অগ্রগতি নির্দেশ করে না। শিক্ষায় অর্জন, সুযোগ যেকোনো সময়ের থেকে এখন অনেক বেশি। এসব কারণে দক্ষতার ওপর কিছুটা চাপ পড়বে। অবকাঠামো, পাঠ্যবই, শিক্ষক নিয়োগ, শিক্ষার উপকরণ—সব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শিক্ষকের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। ফলে শিক্ষকের ওপর শিক্ষার্থীর বাড়তি চাপ কিছুটা কমেছে। আর দুই শিফট চালু হওয়ায় শিক্ষার্থীর চাপ আরও কমেছে। গণসচেতনতা বেড়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীরা না শেখার কিছু কারণ রয়েছে। যেমন, একজন শিক্ষক সিলেবাস শেষ করেন। এটিইও (সহকারী থানা শিক্ষা কর্মকর্তা) ক্লাসে গিয়ে বলেন, লেসন প্ল্যান অনুযায়ী এখন আপনি কোথায় আছেন? সবাই সিলেবাসের শেষের দিকে গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থীরা কী শিখছে, সেটা ভাবছেন না। প্রত্যেক শিশুকে ক্লাসেই শিখতে হবে। সে লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।
সামসে আরা হাসান: আমদের সবকিছু সিলেবাসনির্ভর। শিক্ষার্থী-মূল্যায়নও যথাযথ হচ্ছে না। শিক্ষার্থীরা শ্রেণীভিত্তিক জ্ঞান অর্জন করছে না। জ্ঞান, বোঝাপড়া ও দক্ষতা হলে শ্রেণীভিত্তিক জ্ঞান। এ তিনটির সমন্বয়ে শ্রেণীভিত্তিক জ্ঞান অর্জন করে। এ জ্ঞান অর্জনের পর শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে যাবে। শ্রেণীভিত্তিক যোগ্যতার মধ্যে তিনটি বিষয় থাকে। জ্ঞান, বোঝাপড়া ও দক্ষতা। একটি কবিতা মুখস্থ করানো হয়। বলতে বলা হয়।
কিন্তু কবিতা সম্পর্কে নিজের ভাষায় বলতে পারছে কি না, লিখতে পারছে কি না, সেটি যাচাই করা হয় না। সময় ও শিক্ষা দুটোকেই ব্যবস্থাপনার মধ্যে এনে প্রতিটি শিক্ষার্থীকে শেখানোর ব্যবস্থা করতে হবে। প্রথম দুই বেঞ্চের শিক্ষার্থীকে টার্গেট করে ক্লাস শেষ করা হয়।
ফলে অধিকাংশ শিক্ষার্থী শিক্ষার ঘাটতি ও অল্প জ্ঞান নিয়ে পরবর্তী ক্লাসে যাচ্ছে। একজন শিক্ষকের ৪০ মিনিট সময় থাকলে প্রতিটি শিক্ষার্থীর ৪০ মিনিট সময় আছে। একজন শিক্ষার্থী ৪০ মিনিটে কেন কিছু শিখছে না? এটি গভীরভাবে ভাবতে হবে। শিক্ষকের সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজন পর্যাপ্ত শিক্ষার উপকরণ। এ জায়গায় দুর্বলতা রয়েছে। সব ক্ষেত্রে শিক্ষকদের অনেক বেশি সচেতন হতে হবে। সবকিছুর আগে গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীরা কতটুকু শিখছে।
জেম্স জেনিংস: দুই যুগের বেশি সময় বাংলাদেশে আছি। প্রথম যখন এ দেশে আসি, তখন শিক্ষার এত সুযোগ দেখিনি। এখন শিক্ষার সব ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সব মা-বাবা তাঁদের সন্তানদের স্কুলে পাঠান। কেন শিক্ষার্থী ঝরে পড়ছে? এর প্রধান কারণ গরিব বাবা-মা কষ্ট করে সন্তানদের স্কুলে পাঠান। তিন-চার বছর পর তাঁরা দেখেন, সন্তানরা লিখতে, পড়তে, অঙ্ক করতে পারছে না। তাঁরা ভাবেন, এত কষ্ট করে লাভ কী। বরং সংসারে কাজ করলে কিছু আয় হয়।
অনেকে লেকচার দেওয়াকে বড় মনে করেন। শিক্ষার্থীরা কিছু বুঝছে কি না, সেটা তাঁরা যাচাই করেন না। লেকচারের পর ছোট ছোট প্রশ্ন করতে হবে। লিখতে দিতে হবে। শিক্ষার্থীরা নিজের ভাষায় বলতে পারে কি না, সেটা যাচাই করতে হবে। শিক্ষার্থীদের প্রথম বিষয় হলো, তারা যেন ভালোভাবে পড়তে পারে। লিখতে পারে। শিক্ষার পদ্ধতি নিয়ে পিডিপি-১, ২, ৩ প্রকল্প হয়েছে। পিডিপি-৩-এর প্রধান স্লোগান হলো, ‘শিখবে প্রতিটি শিশু’। শিক্ষাপদ্ধতির নতুন কোনো পরিকল্পনার দরকার নেই। পরিকল্পনা যা আছে সেটা ভালোভাবে প্রয়োগ করলে যথেষ্ট হবে। শ্রেণীকক্ষে শিক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
মো. রফিকুজ্জামান: শিক্ষার সব ক্ষেত্রে মানটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চান। কিন্তু শিক্ষক হবে কে? কিছুটা দুঃখের সঙ্গে বলছি, ‘অন্য চাকরি না পেয়ে শিক্ষকতায় আসছেন। যাঁরা জীবনে শিক্ষক হতে চাননি, তাঁদের দিয়ে পড়ানো হচ্ছে। ফলে কীভাবে শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে? এ বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। অস্ট্রেলিয়া, ফিলিপাইনে দেখেছি জীবনের শুরু থেকে অনেকে শিক্ষকই হতে চেয়েছেন। তাঁরা ভবিষ্যৎ প্রজন্ম তৈরির জন্য নিজেদের উৎসর্গ করেছেন।
আমাদের এমন প্রতিষ্ঠান গড়তে হবে, যেখানে শিক্ষক হওয়ার জন্যই পড়াশোনা করবে। এখন সময় হয়েছে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার। ঢাকা শহরের নামকরা দুটো কলেজের কথা উল্লেখ করতে পারি, যার একটি কলেজে ফিজিকসের ৪০ থেকে ৫০টি প্র্যাকটিক্যাল করানো হয়েছে। অন্যটিতে ১২টি করানো হয়েছে। পরীক্ষার ফলে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, তারা ১২টি প্র্যাকটিক্যাল করেছে। কারণ, ঢাকা বোর্ড থেকে বলে দেওয়া হয়েছিল এর বেশি করার দরকার নেই। এমন মানসিকতা থাকলে কীভাবে শিক্ষার গুণগত মান বাড়বে?
কাজী ফারুক আহমেদ: শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের অনেক পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন ইতিবাচক। তবে শিক্ষার সঠিক মানে হয়তো পৌঁছাতে পারেনি। ঢালাওভাবে বলা হয় শিক্ষার মান কমেছে। শিক্ষকদের মান কমেছে। এগুলো মনে হয় প্রশ্নসাপেক্ষ। মানসম্পন্ন শিক্ষার কথা বলি। এর জন্য কি অনুকূল পরিবেশ আছে? বাংলাদেশের শিক্ষানীতিতে ভালো ভালো কথা অনেক আছে।
কিন্তু শিক্ষকদের মর্যাদার বিষয়টি তেমনভাবে আসেনি। শিক্ষকদের নিয়োগ থেকে অবসর পর্যন্ত তাঁদের মধ্যে বিভিন্ন সমস্যা। সামগ্রিকভাবে তাঁদের কখনো দেখা হয়নি। বিশ্বব্যাংকের প্রতিবেদনটি অনেক বেশি বাস্তবসম্মত। তৃণমূল পর্যায়ে তারা আগে কখনো গেছে বলে মনে হয় না। তারপরও এটা এ দেশের মাটির মানুষের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, সেটি একটি বিষয়। মেধাবীরা শিক্ষকতায় আসছেন না। হয়তো আর্থিক ও সামাজিক মর্যাদার অভাবের জন্য তাঁরা এ পেশায় আসছেন না। শিক্ষা নিয়ে একটা জাতীয় মতৈক্য হয়েছে। এখন অভিভাবকদের অংশগ্রহণের প্রয়োজন আছে। একই যোগ্যতা নিয়ে অন্য পেশায় শিক্ষকতা থেকে বেশি আর্থিক সচ্ছলতা ও মর্যাদা পাচ্ছেন। শিক্ষকতা এখন মহান ব্রত নয়। একটি ব্যতিক্রমী পেশা। এ বিষয়গুলো সবাইকে ভাবতে হবে।
ম. হাবিবুর রহমান: আমাদের উর্বর মাঠ রয়েছে। বীজ বোনার জন্য আমরা প্রস্তুত কি না। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে শিক্ষার ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে পারব। প্রাক-প্রাথমিক শিক্ষা সব শিক্ষার গুণগত মানের ভিত্তি। এটি ভালো হলে পরবর্তী পর্যায়ে শিক্ষার প্রসার সহজ হবে। গবেষণায় দেখা গেছে, যারা প্রাক-প্রাথমিক শিক্ষায় ভালো, পরবর্তী পর্যয়ে তারা রিডিং, রাইটিংসহ সব ক্ষেত্রে ভালো করছে। সরকারি-বেসরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে সব শিক্ষার্থীকে প্রাক-প্রাথমিক শিক্ষায় আনা সম্ভব হবে।
মানসম্মত শিক্ষার কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। বিশ্বব্যাংক তাদের মতো করে সংজ্ঞায়ন করেছে। আমার মনে হয় সবকিছু দেখে বাংলাদেশের উপযোগী মানসম্মত শিক্ষার সংজ্ঞায়ন প্রয়োজন। সুযোগবঞ্চিত শিশুরা প্রাক-প্রাথমিক শিক্ষায় বেশি উপকৃত হয়। মূলধারার বইরের শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য বেশি বিনিয়োগ দরকার। দ্রুত পড়া ও অঙ্ক শেখার ওপর গুরুত্ব দিতে হবে। এটা শিক্ষার্থীদের একটা ভিত্তি দেবে। প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য এনসিটিবির ১০টি বই যথেষ্ট নয়।
কাজী সালেহ আহমেদ: বাংলাদেশের শিক্ষাপদ্ধতি এখন মুখস্থনির্ভর। নোটবইনির্ভর। এ জন্য শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হচ্ছে না। শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে।তা না হলে শিক্ষার মান দিন দিন আরও কমতে থাকবে। প্রথম শ্রেণীর দক্ষতা অর্জন না করে পঞ্চম শ্রেণীতে কীভাবে পড়ছে? এভাবে শ্রেণীর পর শ্রেণী উত্তীর্ণ হওয়া ঘোরতর সামাজিক অন্যায়। এটা রোধ করার একটি পথ অবশ্যই বের করতে হবে। মানসম্মত শিক্ষা নির্ভর করে গুণগত শিক্ষক, পাঠ্যবই, শ্রেণীকক্ষের পরিবেশ, ধারাবাহিক মূল্যায়ন ইত্যাদির ওপর। দেশে ধনী-দরিদ্র বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আছে। সবার শিক্ষার সুযোগ এক নয়।
যার শিক্ষার পেছনে বিনিয়োগ বেশি, সে গুণগত শিক্ষা পাচ্ছে। দরিদ্রদের ঘরে শিক্ষক নেই। মা-বাবা শিক্ষাবঞ্চিত। ঘরে শিক্ষক রাখতে পারছেন না। শ্রেণীকক্ষে এদের শিক্ষা নিশ্চিত করতে হবে। তারা যেন প্রথম শ্রেণীর দক্ষতা অর্জন করে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়, এ জন্য যা যা করা দরকার, সবই করতে হবে।